দক্ষিণ কোরিয়ার সঙ্গে যোগাযোগের হটলাইন পুনরায় চালুর ঘোষণা দিয়েছে উত্তর কোরিয়া। দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠিতব্য শীতকালীন অলিম্পিক গেমসে উত্তর কোরিয়ার সম্ভাব্য অংশগ্রহণ নিয়ে আলোচনা করতে এ হটলাইন কাজে আসবে বলে মনে করা হচ্ছে। এছাড়া দুই দেশের সম্পর্কের বরফ গলাতেও এটি ইতিবাচক পদক্ষেপ হিসেবে বিবেচিত হতে পারে।
শীতকালীন অলিম্পিকের ২৩তম আসরে উত্তর কোরিয়ার অংশগ্রহণের বিষয়ে আলোচনা শুরুর প্রথম পদক্ষেপ বিবেচিত হচ্ছে এই ঘোষণা। তবে এই আলোচনার প্রস্তাবকে মূল্যহীন হিসেবে আখ্যায়িত করেছেন জাতিসংঘে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত নিকি হ্যালি।
দক্ষিণ কোরিয়ার বার্তা সংস্থা ইয়োনহ্যাপ-এর বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, আন্তর্জাতিক মান সময় ৬টা ৩০ মিনিটে টেলিফোন হটলাইন চালু করবে দক্ষিণ কোরিয়া। উত্তর কোরিয়ার একজন কর্মকর্তা জানিয়েছেন, তারা টেলিভিশনে বিবৃতি দিয়ে এ সংক্রান্ত ঘোষণা দেবেন।
২০১৮ সালের প্রথম দিনই দক্ষিণ কোরিয়ার সঙ্গে আলোচনার প্রস্তাব দেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন। তাতে সাড়া দিয়ে দিনক্ষণসহ পাল্টা প্রস্তাব দেয় দক্ষিণ কোরিয়া। এরপরই টেলিফোন হটলাইন চালুর সিদ্ধান্ত হয়। এর মাধ্যমে ২০১৫ সালে ভেঙে যাওয়া দুই দেশের আলোচনা পুনরায় চালুর সম্ভাবনা আরও জোরালো হলো।
উত্তর কোরিয়ার একজন কর্মকর্তা বিবিসিকে জানিয়েছেন, অলিম্পিকে উত্তর কোরিয়ার অংশগ্রহণ প্রস্তাবের বাস্তবসম্মত বিষয়গুলো নিয়ে আলোচনা হবে।
ইয়োনহ্যাপকে ওই কর্মকর্তা বলেছেন, ‘সম্ভাব্য প্রতিনিধি পাঠানোর ক্ষেত্রে কার্যপ্রণালী পর্যায়ের বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করবো।’
এদিকে জাতিসংঘে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত নিকি হ্যালি বলেছেন, পিয়ংইয়ং পারমাণবিক অস্ত্র ত্যাগ না করলে এই আলোচনাকে গুরুত্ব দেওয়ার কিছু নেই।








