ফিলিস্তিনে যুক্তরাষ্ট্রের মানবিক সহায়তা বন্ধ করে দেওয়ার ট্রাম্পের হুমকির সমালোচনা করেছে দেশটির ক্ষমতাসীন দল প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশনের (পিএলও)। দলটির মহাসচিব এবং শান্তি আলোচনায় ফিলিস্তিনের শীর্ষ মধ্যস্থতাকারী সায়েব এরাকাত বলেছেন, প্রকৃতপক্ষে ফিলিস্তিনি শিশুদের না খাইয়ে মারার হুমকি দিচ্ছেন ট্রাম্প।
এক বিবৃতিতে সায়েব এরাকাত বলেন, ট্রাম্পের হুমকি ফিলিস্তিনের জনগণের বিরুদ্ধে ইসরায়েলের জঘন্য অপরাধ জারি রাখাকে উৎসাহিত করেছে। এই হুমকি আন্তর্জাতিক আইন ভঙ্গ করতে ইসরায়েলকে অনুপ্রাণিত করবে।
তিনি বলেন, মার্কিন প্রেসিডেন্ট শরণার্থী শিবিরের ফিলিস্তিনি শিশুদের না খাইয়ে মারার হুমকি দিচ্ছেন। তার শর্ত ও নির্দেশনা না মানলে এই শিশুদের স্বাস্থ্য ও শিক্ষার মতো অধিকার অস্বীকারের হুমকি দিচ্ছেন।
অরাজকতাকে উৎসাহিত করার বদলে ইতিহাসের সঠিক বাঁকে অবস্থান নিতে ট্রাম্প প্রশাসনের প্রতি আহ্বান জানান শান্তি আলোচনায় ফিলিস্তিনের এই শীর্ষ মধ্যস্থতাকারী।
উল্লেখ্য, ফিলিস্তিনি শরণার্থীদের সহায়তায় গঠিত জাতিসংঘের ত্রাণ তহবিলের একটা বড় অংশ আসে যুক্তরাষ্ট্র থেকে। মঙ্গলবার এক টুইটার বার্তায় ট্রাম্প দাবি করেন, 'ফিলিস্তিনে আমরা প্রতি বছর কোটি কোটি ডলারের মানবিক সহায়তা দেই। বিনিময়ে তাদের কাছ থেকে কৃতজ্ঞতা কিংবা সম্মান কিছুই পাই না। ঝুলে থাকা বহুল প্রতীক্ষিত ইসরায়েল-ফিলিস্তিন শান্তি আলোচনার ব্যাপারেও সাড়া দিতে চায় না তারা।'
এর আগে ৬ ডিসেম্বর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে স্বীকৃতি দেন। এরপর থেকেই বিশ্বজুড়ে এর তুমুল নিন্দা ও প্রতিবাদ জারি রয়েছে। সাধারণ পরিষদে ১২৮-৯ ভোটে পাস হয়েছে ফিলিস্তিনের পক্ষের প্রস্তাব। এর ধারাবাহিকতায় ট্রাম্প তার টুইট বার্তায় বলেছেন, 'সমঝোতার সবচেয়ে কঠিন বিষয় জেরুজালেমকে আমরা আলোচনার টেবিলের বাইরে এনেছি। তা না হলে ইসরায়েলকে আরও বেশি মূল্য দিতে হতো।’
শান্তি আলোচনায় ফিলিস্তিনের কোনও আগ্রহ নেই দাবি করে মঙ্গলবারের টুইটার পোস্টে ট্রাম্প প্রশ্ন তোলেন 'কেন তবে আমরা তাদের এখনও তহবিল যুগিয়ে যাব?'
ট্রাম্পের বক্তব্যের প্রতিবাদ জানিয়ে ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের মুখপাত্র নাবিল আবু রদাইনাহ বলেছেন, ‘জেরুজালেম সোনা-রুপা কোনও কিছুতেই বিক্রি হবে না।’ সূত্র: টাইমস অব ইসরায়েল, মিডল ইস্ট মনিটর।








