সিরিয়ায় রাশিয়ার বিমান হামলায় অন্তত ৩০ বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকালে রাজধানী দামেস্কের পূর্বাঞ্চলীয় আবাসিক এলাকায় ওই বিমান হামলা চালানো হয়। এতে নিহতদের মধ্যে অন্তত ১১ নারী ও শিশু রয়েছে।
ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে একজন যুদ্ধ পর্যব্ক্ষেক জানিয়েছেন, বোমা নিক্ষেপকারী বিমানগুলো ছিল রাশিয়ার।
সিরিয়ার মানবাধিকার পর্যবেক্ষক আর নাগরিক নিরাপত্তা বিষয়ক সূত্রের উদ্ধৃতি দিয়ে রয়টার্স জানিয়েছে, পূর্বাঞ্চলীয় মসিরাবহ এলাকায় দুটি বাড়িতে হামলায় কমপক্ষে ২০ জন নিহত এবং ৪০ জন আহত হয়। এছাড়া কাছাকাছি আরেকটি শহরে হামলায় আরও ১০ জন নিহত হয়েছেন।
২০১১ সালে সিরিয়ায় গৃহযুদ্ধ শুরু হয়। দেশটিতে চলমান সংকট নিয়ে বিপরীত মেরুতে অবস্থান নিয়েছে রাশিয়া ও যুক্তরাষ্ট্র। বর্তমান প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে ক্ষমতাচ্যুত করতে চায় যুক্তরাষ্ট্র। এজন্য তারা আসাদ সরকারের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণাকারী সশস্ত্র গোষ্ঠীগুলোকে অস্ত্র দিয়ে সহযোগিতা করছে। একইসঙ্গে তারা আইএসের বিরুদ্ধেও বিমান হামলা চালাচ্ছে। তবে আসাদ সরকারের দাবি, আইএসের বিরুদ্ধে যুদ্ধের নামে যুক্তরাষ্ট্র মূলত আসাদবিরোধী বিদ্রোহীদের সহযোগিতা করতে সরকারি বাহিনীর ওপর হামলা চালাচ্ছে।
রাশিয়া বাশার আল আসাদকে ক্ষমতায় দেখতে চায়। আসাদ সরকারের সমর্থনে রাশিয়া-ইরানও আইএস এবং বিদ্রোহীদের বিরুদ্ধে বিমান হামলা চালাচ্ছে।
জাতিসংঘ বলছে, গৃহযুদ্ধের কারণে সিরিয়ায় অবরুদ্ধ হয়ে আছে চার লাখ মানুষ। তাদের কাছে কোনও ধরনের মানবিক সাহায্য পৌঁছানো সম্ভব হচ্ছে না। সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটসের তথ্য অনুযায়ী, সিরিয়া যুদ্ধে ২০১৭ সালের ১০ ডিসেম্বর পর্যন্ত নিহত হয়েছেন চার লাখ ৮০ হাজারের বেশি মানুষ।








