সিরিয়ার আফরিন ছিটমহলে তুরস্কের অপারেশন অলিভ ব্রাঞ্চের অংশ হিসেবে কুর্দি বিদ্রোহীদের ২১৪টি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে তুর্কি বাহিনী। পরিকল্পনা অনুযায়ী অভিযান অগ্রসর হচ্ছে। বুধবার আঙ্কারায় নাইজেরীয় প্রধানমন্ত্রীর সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তুরস্কের প্রধানমন্ত্রী বিনালি ইলদিরিম। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে তুরস্কভিত্তিক সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সি।
তিনি বলেন, কুর্দি বিদ্রোহী গোষ্ঠী পিওয়াইডি, ওয়াইপিজি, পিকেকে এবং দায়েশ (আইএস)-এর মতো সন্ত্রাসী দলগুলোকে এ অঞ্চল থেকে উপড়ে ফেলা পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে।
শনিবার আফরিনে অপরাশেন অলিভ ব্রাঞ্চ নামের এ অভিযান শুরু করে তুরস্ক।
তুর্কি কর্মকর্তারা বলছেন, সিরীয় জনগণকে সন্ত্রাসীদের নিষ্ঠুরতা থেকে রক্ষা এবং সীমান্তে নিরাপত্তা ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় এ অভিযান পরিচালনা করা হচ্ছে। আন্তর্জাতিক আইন এবং জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রস্তাবনা মেনেই অভিযান চালানো হচ্ছে। জাতিসংঘ সনদ অনুযায়ী তুরস্কের আত্মরক্ষার অধিকার রয়েছে। সিরিয়ার ভৌগোলিক অখণ্ডতার প্রতিও আঙ্কারা শ্রদ্ধাশীল।
নাইজেরিয়ার প্রধানমন্ত্রী ব্রিগি রাফিনি বলেন, সন্ত্রাসবিরোধী লড়াইয়ে তুরস্কের সঙ্গে নাইজেরিয়ার মিল রয়েছে।








