আফ্রিকার দেশগুলোকে ‘নোংরা’ বলায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি ‘ভালোবাসা’ জানিয়েছেন উগান্ডার প্রেসিডেন্ট ইয়োবেরি মুসেভেনি। মঙ্গলবার তিনি রাজধানী কাম্পালায় পূর্ব আফ্রিকার এমপিদের সামনে দেওয়া বক্তব্যে ট্রাম্পের ওই মন্তব্য নিয়ে কথা বলেন। তিনি বলেন, আমেরিকা একজন সেরা প্রেসিডেন্ট পেয়েছে। অকপট স্পষ্টভাষিতার (নোংরা দেশ) জন্য আমি তাকে ভালোবাসি। তিনি একজন সৎ মানুষ।
বুধবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।
উগান্ডার প্রেসিডেন্ট বলেন, ‘আমি ট্রাম্পকে ভালোবাসি। কারণ তিনি আফ্রিকানদের নিয়ে অকপটে কথা বলেছেন। আফ্রিকানদের উচিত তাদের নিজেদের সমস্যাগুলো সমাধান করা। তাদের শক্তিশালী হওয়া প্রয়োজন। দুর্বল হলে এই দুনিয়ায় আপনি টিকতে পারবেন না। আফ্রিকানরা যদি দুর্বল হয় তাহলে এটা তাদেরই দোষ।’
এর আগে ট্রাম্পের ওই মন্তব্যের সমালোচনা করেন উগান্ডায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত। মার্কিন প্রেসিডেন্টের ওই মন্তব্যকে তিনি খুবই বিরক্তিকর ও হতাশাজনক হিসেবে আখ্যায়িত করেন। এর কয়েক ঘণ্টার মধ্যেই ট্রাম্পকে ‘ভালোবাসা’ জানান উগান্ডার প্রেসিডেন্ট।
তিন দশকেরও বেশি সময় ধরে উগান্ডার প্রেসিডেন্টের দায়িত্ব পালন করছেন ইয়োবেরি মুসেভেনি।








