ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর গুলিতে কমপক্ষে পাঁচ ফিলিস্তিনি আহত হয়েছেন। শুক্রবার (২৬ জানুয়ারি) ইসরায়েলি সীমান্তের কাছে সংঘর্ষের সময় তারা আহত হন। তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি এ খবর জানিয়েছে।
৬ ডিসেম্বর বুধবার জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে যুক্তরাষ্ট্রের স্বীকৃতির সিদ্ধান্ত ঘোষণা করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইসরায়েলের মার্কিন দূতাবাস তেল আবিব থেকে সরিয়ে জেরুজালেমে নিয়ে যাওয়ার প্রস্তুতির কথাও জানান তিনি। এই নিয়ে বিশ্বজুড়ে তুমুল নিন্দা ও প্রতিবাদ জারি রয়েছে। আর নতুন ইন্তিফাদার ডাক দিয়েছে ফিলিস্তিনি জাতি মুক্তি আন্দোলনের সংগঠন হামাস। এরপর থেকে প্রতিদিনই বিক্ষোভ অব্যাহত রেখেছে ফিলিস্তিনি মুক্তিকামী মানুষ।
ফিলিস্তিন স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আশরাফ আল কাদরি এক বিবৃতিতে বলেন, শুক্রবার উত্তর গাজা উপত্যকরার জাবালিয়া শরণার্থী শিবিরের কাছে বিক্ষোভে গুলি চালিয়েছে ইসরায়েলি বাহিনী। আহত ফিলিস্তিনিদের পায়ে গুলি করা হয়েছে।
এর আগে শুক্রবার ফিলিস্তিনি যুবকরা ইসরায়েলি বাহিনীর সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। তারা সীমান্তের অপর পাশে থাকা ইসরায়েলি বাহিনীকে লক্ষ্য করে পাথর ছুঁড়ে মারে।
ঘটনাস্থলে থাকা আনাদোলু এজেন্সির সংবাদদাতার বরাত দিয়ে খবরে বলা হয়, প্রতিবাদকারীদের পাথরের জবাবে ফিলিস্তিনি বাহিনী কাঁদানে গ্যাস, রাবার বুলেটসহ মারণাস্ত্র ব্যবহার করে।
৬ ডিসেম্বর আন্দোলন শুরুর পর থেকে পশ্চিম তীর, পূর্ব জেরুজালেম ও গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর হামলায় এ পর্যন্ত ১৯ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন।








