সিরিয়ায় গত দুই বছরে বিশেষ করে রাশিয়ান বাহিনীর হামলায় ৫ হাজার ৭৮৩ জন বেসামরিক লোক নিহত হয়েছে। সিরিয়ান নেটওয়ার্ক ফর হিউম্যান রাইটস নামে একটি মানবাধিকার সংগঠন শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ দাবি করেছে। তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি এ খবর জানিয়েছে।
সংস্থাটির প্রতিবেদনে বলা হয়, নিহতদের মধ্যে এক হাজার ৫৯৬ জন শিশু ও ৯৯২ জন নারীও রয়েছে। এছাড়া রাশিয়ান বাহিনী ও তাদের সহযোগীদের হামলায় প্রায় ২৩ লাখ মানুষ তাদের বাসস্থান ছাড়তে বাধ্য হয়েছে।
সিরিয়ান মানবাধিকার সংস্থাটির দাবি, রাশিয়ান বাহিনী দুই বছরে কমপক্ষে ২৯৪টি হত্যাকাণ্ড ঘটিয়েছে। এর মধ্যে তারা চিকিৎসা সুবিধাকে লক্ষ্য করে ১৪১ বার হামলা চালানো হয়েছে। এতে চিকিৎসা সেবায় নিয়োজিত ৫৩ জন নিহত হয়েছে। তাছাড়া ২১৭টির মতো হামলায় ক্লাস্টার বোমা বা গুচ্ছ বোমা ব্যবহার করেছে রাশিয়ান বাহিনী।
জাতিসংঘের হিসাব মতে, সিরিয়ায় ২০১১ সালে আসাদবিরোধী আন্দোলনের মুখে গৃহযুদ্ধ শুরু হওয়ার পর থেকে কয়েক লাখ মানুষ নিহত হয়েছে। আর প্রায় এক কোটি মানুষ হয়েছে বাস্তুহারা।








