লস এঞ্জেলেসের একটি স্কুলে গোলাগুলির ঘটনায় দুই শিক্ষার্থী গুলিবিদ্ধ হয়েছে। গুলি চালানোর অভিযোগ ১২ বছরের এক শিশুকে গ্রেফতার করেছে পুলিশ। জব্দ করা হয়েছে তার কাছে থাকা অস্ত্র। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা যায়।
প্রতিবেদনে বলা হয়, লস এঞ্জেলেসের ওয়েস্টলেক ডিস্ট্রিক্টের স্যালভাদোর ক্যাস্ত্র মিডল স্কুলে স্থানীয় সময় সকাল ৮টা ৫৫ মিনিটে এই গুলির ঘটনা শুরু হয়।
কর্মকর্তারা জানান, ১৫ বছরের এক ছেলের মাথায় গুলি লেগেছে। তার অবস্থা গুরুতর হলেও আশঙ্কামুক্ত। একই বয়সী এক মেয়ের হাতে গুলি লেগেছে। এছাড়া হালকা আহত হয়েছেন ১১ থেকে ৩০ বছর বয়সী বেশ কয়েকজন।
লস এঞ্জেলেস পুলিশ ডিপার্টমেন্ট নিশ্চিত করেছেন যে ১২ বছরের এক কিশোরীকে এই অভিযোগে আটক করা হয়েছে। তারা হামলার স্থানটিতে আরও অস্ত্র ও হতাহতের জন্য তল্লাশি চালাচ্ছেন।
তবে কি কারণে এই হামলা চালানো হয়েছে এবং কিভাবে তাকে গ্রেফতার করা হয়েছে সে বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি পুলিশ। লস এঞ্জেলেস স্কুল পুলিশের প্রধান স্টিভ জিপারম্যান বলেন, তারা বিষয়টি তদন্ত করছেন এবং শিক্ষার্থীদের কাউন্সিলিং করাচ্ছেন।
সাম্প্রতিক সময়ে এটা যুক্তরাষ্ট্রের স্কুলে তৃতীয়বারের মতো হামলার ঘটনা। এর আগে ২৩ জানুয়ারি কেনটাকিতের এক শিক্ষার্থীর গুলিতে দুইজন নিহত হয়েছিলেন, গুলিবিদ্ধ হয়েছিলেন ১৭ জন। এর একদিন আগেই টেক্সাসে ১৬ বছরের এক শিক্ষার্থী গুলি চালাতে শুরু করেছিলেন।








