বিমান হামলায় বিদ্রোহী-প্রভাবিত ইদলিবের আরও একটি হাসপাতাল ধ্বংস হয়ে গেছে। মধ্যপ্রাচ্য বিষয়ক সংবাদমাধ্যম মিডল ইস্ট আই জানিয়েছে, ব্রিটিশ বেসরকারী প্রতিষ্ঠান হ্যান্ড ইন হ্যান্ড ফর সিরিয়া পরিচালিত কাফরানবেল শহরের হাসপাতালটি ছিল প্রদেশের অক্ষত থাকা অল্প কয়েকটি চিকিৎসাকেন্দ্রের অন্যতম। আসাদবিরোধীদের অভিযোগ, সিরিয়া ও রাশিয়ার যৌথ বিমান হামলাতেই সোমবার হাসপাতালটি ধ্বংস হয়। তবে এ ঘটনায় কোনও হতাহাতের খবর পাওয়া যায়নি। চলতি মাসে এই নিয়ে ইদলিবে দ্বিতীয় হাসপাতাল ধ্বংস হলো। গত রবিবার সন্ধ্যায় রাশিয়া ও সিরিয়া জোটের হামলায় মারেত আল নুমান এলাকায় আরও একটি হাসপাতাল ধ্বংস হয়।
শনিবার মস্কো দাবি করে, সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় ইদলিব প্রদেশে জঙ্গি-অধ্যুষিত এলাকায় একটি রুশ জঙ্গিবিমানকে গুলি করে ভূপাতিত করা হয়েছে । বিমানটি ভূপাতিত হওয়ার পর এর পাইলট নিরাপদে ভূমিতে অবতরণ করলেও বন্দুকযুদ্ধে তার মৃত্যু হয়েছে বলে জানায় তারা। এর একদিনের মাথায় সেখানে জোরালো বিমান হামলা শুরু করে রুশ ও আসাদ বাহিনী। সোমবারের অব্যাহত হামলায় সেখানে বহু মানুষ হতাহত হয়েছে। এদিনের অব্যাহত হামলায় বিদ্রোহী নিয়ন্ত্রিত শহর কাফরানবেলে হাসপাতালটি ধ্বংস হয়েছে।
১০ লাখ মানুষের চিকিৎসা কেন্দ্র হিসেবে ব্যবহৃত ওই হাসপাতালে ইনটেনসিভ কেয়ার ইউনিট ছাড়াও ক্যান্সার ও লাংসের রোগীদের জন্য একটি কার্ডিওলোজি ওয়ার্ড ছিল। গত মাসে ইদলিব ও গোটা প্রদেশে বেশ কয়েকটি সন্দেহভাজন ক্লোরিন হামলার পর এই হাসপাতালেই রাসায়নিক হামলার শিকারদের চিকিৎসা সরঞ্জামে সাজানো হয়েছিলো। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, বিমান হামলার খবর পেয়ে আগেই মেডিকেল কর্মকর্তারা হাসপাতালের রোগীদের বের করে নেওয়ায় কোনও হতাহতের ঘটনা ঘটেনি।অ্যাকিটভিস্ট সংগঠন হ্যান্ড ইন হ্যান্ড ফর সিরিয়ার অ্যাকটিভিস্টরা এএফপি'র কাছে দাবি করেন, রাশিয়া ও সিরিয়ার বিমান থেকে হামলা চালানো হয়েছে।
ইদলিবের বেশিরভাগ অঞ্চলের নিয়ন্ত্রণ রয়েছে বিদ্রোহীদের সংগঠন হায়াত তাহরির আল সাম (এইচটিএস) এর হাতে। আল কায়েদার সাবেক সহযোগি এই সংগঠনটি রাশিয়ান সুখই-২৫ বিমানটি ভূপাতিত করার দায় স্বীকার করে।








