তাইওয়ানের হুয়ালিন শহরে মঙ্গলবার রাতে ৬ দশমিক ৪ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। দেশটির কর্মকর্তারা জানিয়েছেন, ভূমিকম্পের তাণ্ডবে হতাহত হয়েছেন শতাধিক মানুষ। এদের মধ্যে অন্তত দুইজন নিহত হয়েছেন। আহতের সংখ্যা এরইমধ্যে ২০০ ছাড়িয়েছে। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম বিবিসি।
খবরে বলা হয়, স্থানীয় সময় মঙ্গলবার রাত ১১টা ৫০ মিনিটে উপকূলীয় ওই শহর থেকে ২০ কিলোমিটার উত্তরপূর্বে ভূমিকম্পটি আঘাত হানে। কম্পনের ফলে আংশিক ভেঙে পড়া হোটেল ও আবাসিক ভবন থেকে আক্রান্ত লোকজনকে সরিয়ে নিতে কাজ করছেন উদ্ধারকর্মীরা। তাদের সঙ্গে যোগ দিতে সেনাবাহিনীকেও তলব করা হয়েছে।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থার (ইউএসজিএস) জানিয়েছে, ভূমিকম্পের কেন্দ্র ছিল ভূ-পৃষ্ঠের মাত্র এক কিলোমিটার গভীরে। কেন্দ্র থেকে ১৬০ কিলোমিটারেরও বেশি দূরে অবস্থিত রাজধানী তাইপেতেও ভূকম্পন অনুভূত হয়েছে।
ভৌগোলিকভাবেই তাইওয়ান ভূমিকম্পপ্রবণ এলাকায় অবস্থিত। এর আগে ২০১৬ সালের ৬ ফেব্রুয়ারি দেশটিতে ৬ দশমিক ৪ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হনে। এর তাণ্ডবে প্রাণ যায় ১১৬ জনের।








