সিরিয়ার মাটিতে তুরস্ক আর ইরান আন্তর্জাতিক আইন লঙ্ঘন করছে বলে অভিযোগ করেছে ফ্রান্স। পররাষ্ট্রমন্ত্রী জিন-ইভেস লি ড্রিয়ান ফরাসি টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে ওই অভিযোগ করেন।
ফ্রান্সের বিএফএম টিভি চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে জিন-ইভেস লি দাবী করেছেন, তুরস্ক ও ইরানের মতো যেসব শক্তি সিরিয়ার পূর্ব ঘৌটা ও ইদলিবে আক্রমণ পরিচালনা করেছে তারা কার্যত আন্তর্জাতিক আইনের লঙ্ঘন করেছে। তার মতে যুদ্ধবিধ্বস্ত সিরিয়া থেকে ইরান সমর্থিত সব বাহিনী এবং হিজবুল্লাহর মতো সশস্ত্র গোষ্ঠীর অপসারণ প্রয়োজন।
ফ্রান্স সিরিয়া থেকে তুরষ্কের সেনাবাহিনীর প্রত্যাহার চায় কি না সে প্রশ্নের সরাসরি উত্তর না দিয়ে তিনি বলেন, সিরিয়াতে থাকার কথা নয়, এমন সব পক্ষের চলে যাওয়ার পক্ষে তিনি। তুরস্কের সঙ্গে সঙ্গে ইরান সমর্থিত বাহিনী ও হিজবুল্লাহরও সিরিয়া ছেড়ে চলে যাওয়া উচিত বলে অভিমত দেন তিনি।
মিডল ইস্ট মনিটর বলছে, পররাষ্ট্রমন্ত্রী লি ড্রিয়ান তুরস্কের সেনা-প্রত্যাহারের কথা সরাসরি না বললেও, তার বক্তব্যে আঙ্কারার কর্মকাণ্ডের প্রতি ফ্রান্সের অনাস্থা স্পষ্ট। তিনি বলেছেন, তুরস্ক সীমানা সুরক্ষার নামে সাধারণ মানুষ হত্যা করেছে এবং একটি যুদ্ধের ভেতর আর একটি যুদ্ধ শুরু করেছে।
জানুয়ারি থেকে কুর্দি যোদ্ধাদের নিশানা বানিয়ে ‘অপারেশন অলিভ ব্রাঞ্চ’ নামে তুরস্কের সেনাবাহিনী আক্রমণ শুরু করেছে। কুর্দিদের দুটি সংগঠনের মধ্যে ‘পিপলস প্রোটেকশন ইউনিটস’ (ওয়াইপিজি) যুক্তরাষ্ট্র সমর্থিত।
সিরিয়া যুদ্ধের শুরু থেকেই সেখানে তুরস্ক ও ইরান পরস্পরবিরোধী অবস্থান নিয়েছে। তুরস্ক পক্ষ নিয়েছে আসাদবিরোধী বিদ্রোহীদের। অন্যদিকে ইরানের অবস্থান আসাদ সরকারের পক্ষে।








