লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর মহাসচিব হাসান নাসরুল্লাহ মার্কিনপন্থীদের ভোট না দিতে দেশের জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি দাবি করেছেন, এ ধরনের প্রার্থী নির্বাচিত হলে লেবাননকে যুক্তরাষ্ট্রের হাতে তুলে দেবে। নাসরুল্লাহর টেলিভিশন ভাষণকে উদ্ধৃত করে ইরানের প্রেস টিভি এবং রাশিয়ার টেলিসুর টেলিভিশন এই খবর জানিয়েছে।
হাসান নাসরুল্লাহ জোর দিয়ে বলেন, যেসব ব্যক্তি লেবাননকে আমেরিকার হাতে তুলে দেবে, তেলের মজুদকে তুলে দেবে ইহুদিবাদী ইসরাইলের কাছে এবং হিজবুল্লাহর বিরুদ্ধে ষড়যন্ত্র করবে কিংবা দেশের অর্থনীতিকে ধ্বংস করবে তাদেরকে ভোট দেয়া যাবে না। নির্বাচনে হিজবুল্লাহর প্রতি জনগণর সমর্থন এ আন্দোলনের জন্য শহীদ ব্যক্তিদের রক্তকে সংরক্ষণ করবে বলেও মন্তব্য করেন তিনি।
লেবাননের পূর্বাঞ্চলীয় বালবেক শহরে শনিবার হিজবুল্লাহ সমর্থকদের উদ্দেশে টেলিভিশনে ভাষণ দেন হাসান নাসরুল্লাহ। আগামী ৬ মে অনুষ্ঠেয় সংসদ নির্বাচনে সর্বস্তরের জনগণকে তিনি ভোট দেয়ার আহ্বান জানান। তিনি বলেন, জনপ্রতিনিধি নির্বাচনের সময় ভোটারদেরকে দেশের স্বার্থ বিবেচনা করা উচিত। দেশের প্রতি জনগণের যে দায়িত্ব রয়েছে আসন্ন সংসদ নির্বাচনে তা পূর্ণ করতে হবে।
হাসান নাসরুল্লাহ বলেন, প্রার্থীর পারিবারিক যোগাযোগ, ধর্মীয় অথবা রাজনৈতিক দলের পরিচয় দেখে ভোটারদের সিদ্ধান্ত উচিত নয়। হিজবুল্লাহর সংসদ সদস্যরা শুধুমাত্র রাজনৈতিক জোটের নয় বরং পুরো লেবাননের প্রতিনিধিত্ব করেন বলেও তিনি জানান।








