কয়েক মাসের মধ্যে মন্ত্রিসভায় রদবদল করা হবে বলে ঘোষণা দিয়েছেন সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী লি সিয়েন লোং। নতুন প্রজন্মের নেতাদের বাড়তি দায়িত্ব দেওয়ার জন্যই এই রদবদল করা হবে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।
গত বছর লি ঘোষণা দিয়েছিলেন, পরের দুই বছরের মধ্যে তিনি দায়িত্ব থেকে অব্যাহতি নেবেন। নগর রাষ্ট্রটির পরের সাধারণ নির্বাচন হবে ২০২১ সালের শুরুতে। তিনি আরও বলেছিলেন, মন্ত্রিসভার সদস্যদের মধ্যেই তার সম্ভাব্য উত্তরাধিকারী রয়েছে।
ফেসবুকের একটি পোস্টে লি সিয়েন লোং বলেন, ‘তরুণ সদস্যদের আরও সামনে আনতে ও বেশি দায়িত্ব দিতে পার্লামেন্ট স্থগিত হওয়ার পর আমি মন্ত্রিসভায় রদবদল করবো। এর মাধ্যমে আমার উত্তরাধিকারী আরও শক্তিশালী ও অভিজ্ঞ দলের সহায়তা পাবেন। তারা সিঙ্গাপুরের আরও ভাল ও সুন্দর ভবিষ্যতের দিকে নিয়ে যেতে পারবে।’
স্থগিত হওয়ার পর আগামী মে মাসে সিঙ্গাপুরের পার্লামেন্ট অধিবেশন পুনরায় চালু হবে।








