গতবার সৌদি আরবে গিয়েই দিয়েছিলেন পদত্যাগের ঘোষণা। দেশে ফিরে সেই অবস্থান থেকে সরে আসেন লেবাননের প্রধানমন্ত্রী। এরপর প্রথমবারের মতো আবারও সৌদি আরব সফরে গিয়েছেন প্রধানমন্ত্রী সাদ হারিরি।
তুর্কি বার্তা সংস্থা আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে বলা হয়, বুধবার সৌদি আরব পৌঁছেছেন হারিরি। সেখানে সৌদি বাদশা সালমান বিন আব্দুল আজিজ ও যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে দেখা করবেন তিনি।
গত ৪ নভেম্বর সৌদি সফরে গিয়ে আকস্মিক পদত্যাগের ঘোষণা দেন সাদ হারিরি। পদত্যাগের কারণ হিসেবে ইরান সমর্থিত শিয়াপন্থী সংগঠন হিজবুল্লাহকে দায়ী করেন তিনি। হারিরি বলেছিলেন, খুন হওয়ার ভয়েই তিনি দায়িত্ব থেকে সরে দাঁড়াচ্ছেন। তবে বিশ্লেষকদের দাবি, সৌদি আরবের চাপেই পদত্যাগ করেছেন তাদের মিত্র হারিরি। হিজবুল্লাহ’র মুখোমুখি হতে ব্যর্থ হওয়ায় তাকে ‘সরিয়ে দিয়েছে’ সৌদি কর্তৃপক্ষ।
তবে তার পদত্যাগের সিদ্ধান্ত মেনে নেননি লেবানিজ প্রেসিডেন্ট মিশেল আউন। তিনি জানিয়েছিলেন, দেশে ফিরে পদত্যাগপত্র জমা দেওয়ার পর সিদ্ধান্ত নেবেন তিনি। এরপর দেশে ফিরেই সাদ হারিরি জানান, পদত্যাগ করছেন না তিনি। আর এবার আনুষ্ঠানিকভাবে প্রত্যাহার করেন পদত্যাগপত্র।
সেই ঘটনার পর প্রথমবারের মতো আবার সৌদি সফর করলেন হারিরি।








