পশ্চিমা বিশ্ব পরমাণু অস্ত্র ও দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ধ্বংস না করা পর্যন্ত ইরান তার ক্ষেপণাস্ত্র কর্মসূচি বিষয়ে কোনও আলোচনায় বসবে না। শনিবার ইরানের সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল মাসুদ জাযায়েরি এ কথা বলেছেন। দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা’র বরাত দিয়ে কাতারভিত্তিক সংবাদমাধ্যম গালফ টাইমস এ খবর জানিয়েছে।
মাসুদ জাযায়েরি বলেন, যুক্তরাষ্ট্র হতাশ হয়ে ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা সংকুচিত করার যে কথা বলছে তা অসাধ্য স্বপ্ন। ইরানের ক্ষেপণাস্ত্র বিষয়ে সমঝোতার পূর্বশর্ত হিসেবে যুক্তরাষ্ট্র ও ইউরোপের সব পরমাণু অস্ত্র ও দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ধ্বংস করতে হবে। তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে পরাজিত ও ব্যর্থ হয়ে ইরানের পরমাণূ কর্মসূচির সমালোচনা করছে।
২০১৫ সালে বিশ্ব শক্তির সঙ্গে করা ইরানের পরমাণু চুক্তি বাতিল করার হুমকি দিয়ে আসছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর মাধ্যমে তিনি ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি সংকুচিত করার জন্য চাপ সৃষ্টির চেষ্টা করছেন। তবে ইউরোপীয় সরকারগুলো ট্রাম্পকে শান্ত থেকে চুক্তি কার্যকর রাখার আহ্বান জানিয়ে যাচ্ছে। তবে একই সঙ্গে তারা ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে উদ্বেগ প্রকাশ করছে।
ফরাসি পররাষ্ট্রমন্ত্রী জিন ইভেস লি দ্রিয়ান গত মাসে বলেছিলেন, ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি ও আঞ্চলিক দ্বন্দ্বে জড়ানোর বিষয়টি নিয়ে পদক্ষেপ নেওয়া উচিত। তিনি আগামী সোমবার (৫ মার্চ) ইরান সফর করবেন। কিন্তু তার দুইদিন আগে শনিবার ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লা আলী খামেনির বিদেশ নীতি বিষয়ক উপদেষ্টা আলী আকবার বেলায়েতি লি দ্রিয়ানের ওই বক্তব্যের সমালোচনা করেছেন।
আলী আকবার বলেন, ইরানের প্রতিরক্ষা কর্মসূচি নিয়ে ফ্রান্সের মতো দেশগুলোর উদ্বিগ্ন হওয়া উচিত নয়। মনে হচ্ছে তারা এসে আমাদের বলে যাবে আমরা কোন ক্ষেপণাস্ত্র রাখতে পারবো। আমরা কি ফ্রান্সকে বলেছি, তারা নিজেদের কিভাবে রক্ষা করবে। বেলায়েতি আরও বলেন, যদি লি দ্রিয়ান আমাদের সম্পর্ক শক্তিশালী করার লক্ষ্যে এই সফরে আসেন তাহলে নেতিবাচক অবস্থান এড়িয়ে চললে ভাল করবেন।








