প্রায় দুই বছর আটক রাখার পর ইয়েমেনের দুই সাংবাদিককে মুক্তি দিয়েছে হুথি বিদ্রোহীরা। একটি বেসরকারি সংস্থার বরাত দিয়ে তুরস্কের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সি এ খবর জানিয়েছে।
খবরে বলা হয়, ন্যাশনাল অর্গানাইজেশন অব ইয়েমেনি মিডিয়ার প্রধান হুসেইন আল সুফি বলেন, এই দুই সাংবাদিককে প্রায় দুই বছর আগে ইয়েমেনের রাজধানী সানা প্রায় ১০০ কিলোমিটার দক্ষিণের ধামার এলাকা থেকে আটক করা হয়। তবে আটকের পর থেকে তাদের কোনও আঘাত করা হয়নি।
আল সুফির তথ্যমতে, ইয়েমেনে হুথিদের নিয়ন্ত্রণে থাকা কারাগারগুলোতে আরও ১৩ সাংবাদিক আটক রয়েছে। এসব সাংবাদিকদের মুক্তি দিতে হুথিদের ওপর চাপ বাড়াতে তিনি মানবাধিকার সংগঠন ও ইয়েমেন সরকারের প্রতি আহ্বান জানান।
২০১৪ সাল থেকে বিদেশি রাষ্ট্রের সঙ্গে যোগাযোগ ও সৌদি নেতৃত্বাধীন জোটকে সহায়তার অভিযোগে বেশ কয়েকজন সাংবাদিককে আটক করে রেখেছে হুথি বিদ্রোহীরা।
২০১৫ সালের মার্চে হুথি বিদ্রোহীদের বিরুদ্ধে ‘অপারেশন ডিসাইসিভ স্টর্ম’ নামে সামরিক অভিযান পরিচালনা শুরু করে সৌদি আরব ও তার মিত্র দেশগুলো। তারপর থেকে এ যুদ্ধে এখন পর্যন্ত প্রায় ৭ হাজার ৬০০ মানুষ নিহত হয়েছেন। কয়েক লাখ মানুষ ঘরছাড়া হয়েছে। পুরো ইয়েমেন দুর্ভিক্ষের মুখে রয়েছে। বর্তমানে হুথিরা দেশটির রাজধানী সানাসহ বেশ কয়েকটি এলাকা নিয়ন্ত্রণ করছে।








