মেসেজিং অ্যাপ্লিকেশন ‘টেলিগ্রাম’ স্থায়ীভাবে বন্ধ করে দিতে যাচ্ছে ইরান। জাতীয় নিরাপত্তার কারণ দেখিয়ে অ্যাপটি বন্ধ করে তার পরিবর্তে নিজস্ব মেসেজিং অ্যাপ চালু করতে যাচ্ছে সরকার। ইরানি বার্তা সংস্থা এমএনএ’র বরাত দিয়ে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।
খবরে বলা হয়, ইরানের সংসদীয় জাতীয় নিরাপত্তা ও বৈদেশিক নীতি কমিশনের চেয়ারম্যান আলায়েদ্দিন বোরুজার্দি এক রেডিও সাক্ষাৎকারে এই ঘোষণা দিয়েছেন। বোরুজার্দি বলেন, সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে ‘টেলিগ্রাম’ বন্ধের সিদ্ধান্ত হয়েছে। জাতীয় নিরাপত্তার কারণেই এই অ্যাপটিতে আর ঢোকা যাবে না জানিয়ে তিনি বলেন, সরকার এই মাসের শেষ দিকে বার্তা আদান-প্রদানের নিজস্ব অ্যাপ চালু করবে।
বোরুজার্দি আশাপ্রকাশ করে বলেন, টেলিগ্রাম চূড়ান্তভাবে বন্ধ হওয়ার সুরুশের মতো ইরান-নির্মিত বার্তা আদান-প্রদানের অ্যাপগুলো জনপ্রিয় হবে।
টেলিগ্রাম ইরানে খুব জনপ্রিয়। বর্তমানে শুধু ইরানেই প্রায় চার কোটি মানুষ অ্যাপটি ব্যবহার করছেন। গত বছর সরকারবিরোধী আন্দোলনের সময় অ্যাপটি ব্যাপকহারে ব্যবহার করা হয়। সে সময় টেলিগ্রামের প্রধান নির্বাহী কর্মকর্তা পাভেল দুরোভ এক টুইট বার্তায় অভিযোগ করেছিলেন, বেশিরভাগ ইরানিকে টেলিগ্রামে প্রবেশ করতে দিচ্ছে না সরকার। কারণ আন্দোলনের বিভিন্ন কর্মসূচির পরিকল্পনা ও প্রচারের জন্য এটা ব্যবহার করা হচ্ছিল। সে সময় সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামও বন্ধ করে দিয়েছিল ইরান।
টেলিগ্রামের মতো অ্যাপগুলো বন্ধ করে দিয়ে ইরান-নির্মিত অ্যাপগুলোর অনুমোদন দেওয়ায় সেগুলো নিয়েও এখন প্রশ্ন দেখা দিয়েছে।
বিশ্বজুড়ে ২০ কোটি মানুষ টেলিগ্রাম অ্যাপটি ব্যবহার করে বলে কোম্পানিটি জানিয়েছে। হোয়াটসঅ্যাপ, উইচ্যাটের মতো অন্যান্য জনপ্রিয় অ্যাপসের মতো টেলিগ্রাম ব্যবহার করেও সহজে লেখা, ছবি পাঠানোসহ ভিডিও ও অডিও কল করা যায়।








