আবারও রিয়াদে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে বলে দাবি করেছে সৌদি সংবাদমাধ্যম আল-আরাবিয়া। তারা জানায়, ক্ষেপণাস্ত্রগুলো প্রতিহত করতে সক্ষম হয়েছে দেশটির প্রতিরক্ষা বাহিনী। তবে সরকারের পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিক কোনও মন্তব্য আসেনি।
ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানায়, প্রত্যক্ষদর্শীরা তিনটি বিকট আওয়াজ শুনতে পেরেছেন। দেখা গেছে কালো ধোঁয়াও।
এর আগে সৌদি আরবের দক্ষিণাঞ্চলে তেল কোম্পানি সৌদি আরামকোর একটি শোধনাগারে এবং আসির প্রদেশের একটি বিমানবন্দরে ড্রোন হামলা চালানোর দাবি করে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। সৌদি আরবের দাবি তারা, ওই হামলা প্রতিহত করতে সক্ষম হয়েছে।
এর আগে ২০১৫ সালে সৌদি আরব নেতৃত্বাধীন জোট ইয়েমেনে হস্তক্ষেপ করার পর থেকে ইরান সমর্থিত হুথি যোদ্ধারা দেশটিতে বেশ কয়েকবার ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। গত সপ্তাহে সৌদি আকাশ প্রতিরক্ষা বাহিনী এক ঝাক ক্ষেপণাস্ত্র প্রতিহত করে। এর ধ্বংসাবশষের কারণে দেশটির রাজধানী রিয়াদে প্রথম প্রাণহানির ঘটনা ঘটে। ৩০ নভেম্বর আরও একটি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। দুবারই ক্ষেপণাস্ত্রগুলো আকাশে ধ্বংস করার দাবি করে সৌদি আরব। সর্বশেষ ২৫ মার্চ আবারও ক্ষেপণাস্ত্র প্রতিহত করার দাবি করে সৌদি আরব।








