পূর্ব ঘৌটা থেকে সব বিদ্রোহী চলে গেলে বলে জানিয়েছে সিরিয়ার সরকারি বাহিনী। শনিবার দৌমা শহর থেকে বিদ্রোহী যোদ্ধাদের শেষ দলটি দেশটির উত্তর দিকে চলে যাওয়ার পর সেনাবাহিনীর পক্ষ থেকে এলাকটিকে ‘জঙ্গিমুক্ত’ বলে ঘোষণা দেয়া হয়। সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে সেনাবাহিনীর এক বিবৃতির বরাত দিয়ে এ খবর জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স। এদিকে সিরিয়ার সংকট নিরসনে এক যোগে কাজ করতে একমত হয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ান।
গত ৭ এপ্রিল রাসায়নিক অস্ত্র হামলার পরের দিন দৌমা থেকে চলে যেতে সিরীয় সরকার ও রুশ সামরিক বাহিনীর সঙ্গে একটি চুক্তি করে দেশটির বিদ্রোহী গোষ্ঠী জাইশ-আল ইসলাম। ওই রাসায়নিক হামলার জেরে শুক্রবার রাতে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ফ্রান্স দামেস্ক ও হোমস শহরের তিনটি সরকারি স্থাপনায় হামলা চালায়।
সেনাবাহিনীর বিবৃতিতে বলা হয়, ‘পূর্ব ঘৌটায় শেষ দুর্গ দৌমা শহর থেকে সব সন্ত্রাসী চলে গেছে।’ বিদ্রোহী যোদ্ধা ও তাদের পরিবারসহ যেসব মানুষ দৌমায় থাকতে চান না তারা সবাই বাসে করে দেশটির উত্তর দিকে তুর্কি সীমান্তের কাছে বিদ্রোহী নিয়ন্ত্রিত এলাকায় চলে যান। কয়েক দফায় তারা দৌমা ত্যাগ করেন।
গত ফেব্রুয়ারিতে রুশ বিমানবাহিনীর সহায়তায় পূর্ব ঘৌটায় অভিযান শুরু করে আসাদ বাহিনী। সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, এ অভিযানে চালানো হামলায় ১৬০০ এর বেশি বেসামরিক লোক নিহত হয়েছে।
এদিকে সিরিয়ার সংকট নিরসনে ও রাজনৈতিক সমাধানের লক্ষ্যে একযোগে কাজ করার ব্যাপারে কথা বলতে ফোনালাপ করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ান।
তুর্কি প্রেসিডেন্টের দফতর থেকে এক বিবৃতিতে জানানো হয়, এরদোয়ান ও পুতিন সিরিয়ায় উত্তেজনা কমাতে উদ্যোগ নেওয়ার পাশাপাশি রাজনৈতিক সমাধানের লক্ষ্যে একমত হয়েছেন।








