এক লেবানিজ নারীকে সাময়িক আটক রাখার পর লেবাননে ফেরত পাঠানো হয়েছে বলে দাবি করেছে ইসরায়েলি সেনাবাহিনী। তাদের দাবি, নোহাদ দালি নামের ওই নারী সীমান্ত পেরিয়ে ইসরায়েলে প্রবেশ করেছিলেন। আর লেবাননের দাবি, ইসরায়েলিরা নোহাদ দালিকে অপহরণ করেছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, নোহাদ দেশে ফিরেছেন কিনা তা তাৎক্ষণিকভাবে লেবানন সরকারের কাছ থেকে নিশ্চিত হওয়া যায়নি।
সিরিয়ার গৃহযুদ্ধে হিজবুল্লাহর ভূমিকা প্রশ্নে সংগঠনটির সঙ্গে ইসরায়েলের উত্তেজনা চরমে রয়েছে। ইরান সমর্থিত জোটের অংশ হিসেবে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের হয়ে লড়ছে হিজবুল্লাহ।
লেবাননের সেনাবাহিনীর দাবি, নোহাদ দালি নামের এক নারীকে শনিবার (২৮ এপ্রিল) সন্ধ্যায় বিবাদপূর্ণ এলাকা শেবা থেকে তুলে নিয়ে গেছে। শেবাকে ১৯৬৭ সালে সিরিয়ার কাছ থেকে দখল করা গোলান মালভূমির অংশ দাবি করে ইসরায়েল। আর লেবাননের দাবি, এটি তাদের এলাকা।
লেবাননের সেনাবাহিনীর এক বিবৃতিতে বলা হয়, ‘ইসরায়েলি শত্রুদের একটি টহল দল নোহাদ দালিকে অপহরণ করেছে।’
ইসরায়েলি সেনাবাহিনীর দাবি, দুইজন মেষপালক লেবাননের সঙ্গে জাতিসংঘ-নির্ধারিত সীমানা পার হয়ে ইসরায়েলে প্রবেশ করেছে। তাদের একজনকে সেনারা নিরাপত্তা হেফাজতে নিয়েছিল। রবিবার ইসরায়েলের সেনাবাহিনীর এক মুখপাত্র দাবি করেন ‘তিনি (দালি) আজ ফেরত গেছেন’।








