বজ্র ও ধুলিঝড়ে ভারতের উত্তরাঞ্চলীয় তিন রাজ্যে শতাধিক মানুষের প্রাণহানির পর নতুন করে পশ্চিমবঙ্গসহ তিনটি রাজ্যে বজ্রঝঢ়ের পূর্বাভাস দিয়েছে দেশটির আবহাওয়া বিভাগ। সতর্কবার্তায় বলা হয়েছে, শুক্রবার উত্তরাখন্ড, সিকিম, উড়িষ্যা ও পশ্চিমবঙ্গের ওপর দিয়ে শক্তিশালী বজ্রবৃষ্টি ও ঝড়ো বাতাস বয়ে যেতে পারে। আগামী পাঁচদিন ভারতে ঝড় ও বৃষ্টি হতে পারে বলেও সতর্কবার্তা দিয়েছে ভারতের আবহাওয়া বিভাগ। দেশটির সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে এই খবর জানিয়েছে।
গত বুধবার রাত থেকে ভারতের উত্তরাঞ্চলে ভয়াবহ ধূলিঝড় ও বজ্রবৃষ্টির কারণে প্রাণহানির সংখ্যা বেড়ে ১২৫ জনে দাঁড়িয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। দুর্যোগ মোকাবিলার কাজে দায়িত্বপ্রাপ্তরা ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসিকে জানিয়েছেন অন্তত ২০ বছরের মধ্যে এ ধরনের ঝড়ে এতো বেশি সংখ্যক প্রাণহানি হয়নি। এর মধ্যেই আবারও বজ্রবৃষ্টির সতর্কবার্তা দেওয়া হলো।
দেশটির আবহাওয়া পর্যবেক্ষণকারী সংস্থার আনুষ্ঠানিক সতর্কবার্তায় বলা হয়েছে, জম্মু ও কাশ্মির, হিমাচল প্রদেশ, হরিয়ানা, চন্দ্রিগড়, দিল্লি, পাঞ্জাবের ওপর দিয়ে বজ্রবৃষ্টির সঙ্গে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।
ভারতে প্রাকৃতিক দুর্যোগগুলোর মধ্যে বজ্রপাতে প্রাণহানির সংখ্যা সবচেয়ে বেশি। ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরোর তথ্য অনুযায়ী, দেশটিতে ২০১৪ সালে ২,৫৮২ জন এবং ২০১৫ সালে ২,৬৪১ জন মানুষ বজ্রপাতে প্রাণ হারিয়েছে।








