যুক্তরাষ্ট্রের হাওয়াই দ্বীপপুঞ্জের মাউন্ট কিলাউয়ে আগ্নেয়গিরিতে অগ্ন্যুৎপাত শুরুর পর কাছের একটি আবাসিক এলাকা থেকে প্রায় ১৭শ’ বাসিন্দাকে সরিয়ে নেওয়া হয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, অগ্ন্যুৎপাত শুরুর পর স্থানীয় পর্যায়ে জরুরি অবস্থা জারি করা হয়েছে। আশ্রয়কেন্দ্র হিসেবে খুলে দেওয়া হয়েছে কমিউনিটি সেন্টারগুলো। সেখানকার সিভিল ডিফেন্স এজেন্সি এক টুইট বার্তায় জানিয়েছে, খালি করে করে ফেলা আবাসিক এলাকায় বিপজ্জনক মাত্রায় বিষাক্ত সালফার-ডাই অক্সাইড গ্যাসের উপস্থিতি রয়েছে।
সম্প্রতি কয়েক দফা শক্তিশালী ভূমিকম্পের পর মাউন্ট কিলাউয়েতে অগ্ন্যুৎপাত শুরু হয়। গত সপ্তাহে কিলাউয়ে আগ্নেয়গিরির পাশে ‘পু ও’ নামের একটি জ্বালামুখ ভেঙে পড়লে আগ্নেয়গিরির লাভা উপচে পড়ে আশপাশের আবাসিক এলাকা পর্যন্ত পৌঁছে যায়। অগ্ন্যুৎপাতের শঙ্কায় গত সপ্তাহে কর্মকর্তারা সেখানকার বাসিন্দাদের প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছিলেন।
মাইজা স্টেনব্যাক নামে এক প্রত্যক্ষদর্শী বিবিসিকে জানিয়েছেন, কয়েক ঘণ্টা আগে আমাদের সরিয়ে নেওয়া হয়েছে। আমি আমার মেয়ে, তার ছেলেবন্ধু ও দুই সন্তানসহ একটি গাড়িতে করে সেখান থেকে চলে এসেছি।
তিনি জানান এক মাইল দূর থেকেও অগ্ন্যুৎপাতের শব্দ শোনা যাচ্ছে। অগ্ন্যুৎপাতের তীব্রতাও টের পাওয়ার কথা জানান তিনি। বলেন, যতই কাছে যাওয়া হবে ততই ভালোভাবে তা বুঝতে পারা যাবে।
টেলিভিশনে প্রচারিত ছবিতে দেখা গেছে, মাউন্ট কিলাউয়ে থেকে নেমে আসা লাভা কাছের একটি রাস্তা ও তা সংলগ্ন বাগান প্লাবিত করে দিয়েছে।








