পারমাণবিক অস্ত্র নির্মাণের উপযোগী মানের এক গ্রাম প্লুটোনিয়াম মার্কিন যুক্তরাষ্ট্রের একটি বিশ্ববিদ্যালয় থেকে হারিয়ে গেছে। বৈজ্ঞানিক গবেষণার জন্য বৈধভাবে রাখা এই তেজস্ক্রিয় পারমাণবিক পদার্থটি হারিয়ে ফেলায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে সাড়ে আট হাজার মার্কিন ডলার জরিমানা করা হয়েছে। মার্কিন পারমাণবিক নিয়ন্ত্রণ কমিশন বলছে, হারিয়ে ফেলা সামান্য পরিমাণ প্লুটোনিয়াম দিয়ে পারমাণবিক অস্ত্র তৈরি সম্ভব নয়। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এই খবর জানিয়েছে।
পারমাণবিক চুল্লিতে প্লুটোনিয়াম ব্যবহার করে তৈরি করা পারমাণবিক বোমা। তবে যুক্তরাষ্ট্রের ইদাহো স্টেট ইউনিভার্সিটিতে তা গবেষণার কাজে রাখা হয়েছিল। বিশ্ববিদ্যালয়ের নথি অনুযায়ী ২০০৩-০৪ সালেও বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্লুটোনিয়াম ছিল। তবে ২০১৭ সালের অক্টোবরে মার্কিন পারমাণবিক নিয়ন্ত্রণ কমিশনের তিনটি তদন্ত দল সরেজমিন পরিদর্শন করেও ওই প্লুটোনিয়ামের কোনও সন্ধান পায়নি।
কমিশনের এক বিবৃতিতে বলা হয়েছে, বৈধভাবে সংগ্রহ করা এই পারমাণবিক পদার্থ হারিয়ে যাওয়ার ঘটনা মারাত্মক উদ্বেগ তৈরি করেছে। কারণ এটি অননুমোদিত ব্যক্তির হাতে পড়ার শঙ্কা রয়েছে।
বিশেষজ্ঞরা বলছেন, হারিয়ে যাওয়া সামান্য পরিমান প্লুটোনিয়াম দিয়ে পারমাণবিক অস্ত্র তৈরি সম্ভব নয় তবে এটা দিয়ে ‘নোংরা বোমা’ বানিয়ে তেজস্ক্রিয়তা ছড়ানোর আশঙ্কা রয়েছে।
মার্কিন পারমাণবিক নিয়ন্ত্রণ কমিশনের সাম্প্রতিক বিবৃতির কোন প্রতিক্রিয়া দেখায়নি যুক্তরাষ্ট্রের ইদাহো স্টেট ইউনিভার্সিটি কর্তৃপক্ষ।








