সিরিয়ায় জঙ্গিগোষ্ঠী আইএসের অবস্থান লক্ষ্য করে হামলা চালিয়েছে ইরাকি বিমান বাহিনী। আইএস কমান্ডারদের অবস্থান লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে দেশটি। হামলার বিষয়টি নিশ্চিত করে রবিবার সকালে ইরাকের প্রধানমন্ত্রী আবাদির কার্যালয় থেকে এক বিবৃতি দেওয়া হয়েছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।
বিবৃতিতে বলা হয়েছে, সিরিয়ার দেশাইশা শহরের দক্ষিণে আইএসের একটি অবস্থানেও হামলা চালানো হয়েছে। ইরাকি প্রধানমন্ত্রী আবাদি দাবি করেন, আইএস কমান্ডাররা সিরিয়ার পূর্বাঞ্চলের দেইর আল জোর শহরের কাছে একটি ঘাঁটি ব্যবহার করতো।
গত বছরও সিরিয়ার সরকারি বাহিনী ও মার্কিন নেতৃত্বাধীন জোট সরকারের সহায়তায় আইএসের ওপর হামলা চালিয়েছে ইরাক। আইএস এক সময় ইরাক ও সিরিয়ার উল্লেখ্যযোগ্য অংশ নিয়ন্ত্রণ করতো। এক সময় জঙ্গিগোষ্ঠীটির হাতে ইরাক ও সিরিয়ার এক লাখ ১০ হাজার বর্গ কিলোমিটার এলাকার নিয়ন্ত্রণ ছিল। তবে গত বছরের অক্টোবরের মধ্যে সংগঠনটির অধিকৃত এলাকার পরিমাণ মাত্র ১০ হাজার বর্গ কিলোমিটারে নেমে আসে। গোষ্ঠীটি এখন মূলত সিরিয়ার পূর্বাঞ্চলের কিছু জায়গায় নিয়ন্ত্রণ রাখতে পেরেছে।
আইএস এক সময় ইরাকের মসুলকে তাদের প্রশাসনিক রাজধানী ঘোষণা করেছিল। তবে প্রায় এক বছরের বেশি সময় যুদ্ধ করা পর গত বছরের জুলাই মাসে ইরাকের সামরিক বাহিনী ও মার্কিন নেতৃত্বাধীন জোট শহরটি দখলমুক্ত করে।








