যুক্তরাষ্ট্রে অবৈধ অভিবাসীর প্রবেশ বন্ধে সহায়তা না করায় আবারও মেক্সিকোর সমালোচনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর সীমান্তে দেয়াল তোলার জন্য শেষ পর্যন্ত মেক্সিকোকেই অর্থ দিতে হবে বলেও মঙ্গলবার পুনর্ব্যক্ত করেছেন তিনি। তবে মেক্সিকোর প্রেসিডেন্ট এনরিকে পিনা নিয়েটো একই দিন জানিয়েছেন, তার দেশ কখনই দেয়াল নির্মাণের অর্থ শোধ করবে না। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।
মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণ করাটা ছিল ট্রাম্পের অন্যতম নির্বাচনি প্রতিশ্রুতি। তার পরিপ্রেক্ষিতেই ট্রাম্প বহুল আলোচিত যুক্তরাষ্ট্র-মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণের নির্বাহী আদেশে স্বাক্ষরও করেন। এজন্য বাজেটে দেড় মিলিয়ন ডলার বরাদ্দের প্রস্তাব দেন তিনি।তবে বাজেট বরাদ্দ নিয়ে জটিলতার কারণে উদ্যোগটি পিছিয়ে যায়। ট্রাম্প প্রথম থেকেই বলে আসছেন, এই দেয়াল নির্মাণের খরচের শতভাগ মেক্সিকোকে বহন করতে হবে।
যুক্তরাষ্ট্রের টেনিসি রাজ্যের নাশভিলে মঙ্গলবার সমর্থকদের এক সমাবেশে ট্রাম্প বলেন, ‘শেষমেষ মেক্সিকোই দেয়ালের জন্য অর্থ শোধ করতে যাচ্ছে।’ তিনি আরও বলেন, ‘তারা হন্ডুরাসসহ অন্যান্য দেশ থেকে লোকজনের মেক্সিকোর মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রে প্রবেশ বন্ধে কোনও কিছুই করছে না। তারা আমাদের কোনও সাহায্যই করছে না।’
মেক্সিকোর প্রেসিডেন্ট এনরিকে পিনা নিয়েটো এই টুইট বার্তায় দেয়াল নির্মাণের অর্থ শোধ করার কথা অস্বীকার করেছেন। তিনি ট্রাম্পকে সম্বোধন করে বলেন, ‘না, মেক্সিকো কখনই দেয়ালের জন্য অর্থ দেবে না। এখনও না, কখনও না। -বিনীত মেক্সিকো’ ।








