কিউবার সংবিধানে সংশোধনের জন্য দায়িত্বপ্রাপ্ত কমিশনের প্রধান হিসেবে সাবেক প্রেসিডেন্ট রাউল ক্যাস্ত্রোকে মনোনীত করেছে দেশটির জাতীয় পরিষদ। শনিবার (২ জুন) বর্তমান প্রেসিডেন্ট মিগুয়েল ডিয়াজ কানেল ঘোষনা করেন, রাউল ক্যাস্ত্রো সম্ভাব্য সংবিধান সংশোধনীর নেতৃত্ব দেবেন।
কিউবার জাতীয় পরিষদের অধিবেশন সাধারণত জুলাই ও ডিসেম্বরে অনুষ্ঠিত হলেও শনিবার বিশেষ অধিবেশন আহ্বান করা হয়। এ অধিবেশনে দেশের সংবিধান সংশোধনের জন্য গঠিত কমিশনের নেতৃত্ব দেওয়ার জন্য ৮৬ বছর বয়সী রাউল ক্যাস্ত্রোকে মনোনীত করা হয়। শনিবার জাতীয় পরিষদে কিউবার বর্তমান প্রেসিডেন্ট মিগুয়েল দিয়াজ কানেল বলেন, ‘গত ১৯ এপ্রিল দায়িত্বগ্রহণের সময় আমি বলেছিলাম, কমরেড ও সেনাবাহিনীর জেনারেল রাউল কাস্ত্রো রুজ দেশের বর্তমান ও ভবিষ্যতের সিদ্ধান্ত নেবেন। এরই ধারাবাহিকতায় জাতীয় পরিষদ প্রস্তাব করছে যেন তিনি এ কমিশনের সভাপতিত্ব করেন।’
১৯৭৬ সালে স্নায়ুযুদ্ধের সময় কিউবার বর্তমান সংবিধান প্রণয়ন করা হয়। এ পর্যন্ত তিনবার সংবিধান সংশোধন করা হয়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, নতুন সংবিধানে রাজনৈতিক নেতাদের বয়স এবং মেয়াদের সীমা নির্ধারণ করা হতে পারে। পাশাপাশি গে এবং সমকামী কমিউনিটির অধিকার প্রতিষ্ঠার মতো বড় বড় সামাজিক পরিবর্তনের উপর গুরুত্ব দিতে হবে।
২০০৮ সালে কিউবার অবিসংবাদিত নেতা এবং নিজের ভাই ফিদেল ক্যাস্ত্রোর স্থলাভিষিক্ত হয়েছিলেন রাউল। গত এপ্রিলে অবসরে যাওয়ার ঘোষণা দেন তিনি। এরপর রাউল ক্যাস্ত্রোর স্থলাভিষিক্ত হন তার প্রধান সহযোগী মিগেল ডিয়াজ ক্যানেল।
প্রেসিডেন্ট হিসেবে অবসরে গেলেও ২০২১ সাল পর্যন্ত কিউবার কমিউনিস্ট পার্টির নেতৃত্বে থাকবেন রাউল।








