পবিত্র রমজান মাস শেষে ঈদুল ফিতর উদযাপন শুরু করেছে সৌদি আরব ও ইরানসহ বিশ্বের বিভিন্ন দেশের মুসলিমরা। বৃহস্পতিবার পবিত্র শাওয়াল মাসে চাঁদ দেখে শুক্রবার দেশগুলাতে ঈদুল ফিতর উদযাপনের ঘোষণা দেওয়া হয়। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা জানিয়েছে, সৌদি আরব, কাতার, সংযুক্ত আরব আমিরাত, ইন্দোনেশিয়া, তুরস্ক ও মালয়েশিয়ায় শুক্রবার ঈদ উদযাপন করা হচ্ছে। আফ্রিকার মরক্কো, আলজেরিয়া, তিউনেশিয়া ও লিবিয়াও এদিন ঈদ উদযাপন করছে। যুক্তরাষ্ট ও ইউরোপসহ পশ্চিমা দেশগুলোতেও শুক্রবার ঈদ পালন করছেন মুসলিমরা।শনিবার ঈদ উদযাপন করবে ভারত ও পাকিস্তান। নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়াতেও শনিবার ঈদ পালনের কথা রয়েছে। মধ্যপ্রাচ্যের মধ্যে শুধু ইরাকই শনিবার ঈদুল ফিতর উদযাপন করবে।
সৌদি আরব
সৌদি আরবে ঈদুল ফিতর সবচেয়ে বড় ধর্মীয় উৎসব। দিবসটি উদযাপনে তিনদিনের সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। দেশটির বৃহত্তম দুই শহর মক্কা ও মদিনায় অনুষ্ঠিত হয়েছে বড় দুটি জামাত। মক্কার গ্র্যান্ড মসজিদ ও মদিনার মসজিদে নববীতে জামাতগুলো অনুষ্ঠিত হয়।
ঈদ উপলক্ষে দেশটির রীতি অনুযায়ী বাড়িতে বাড়িতে খাবার ও উপহার দেওয়া হচ্ছে। সৌদিবাসী ও বিশ্বের কোটি কোটি মুসলিমকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন সৌদি বাদশাহ আব্দুল্লাহ।
সংযুক্ত আরব আমিরাত
আবু ধাবিতে শেখ জায়েদ গ্র্যান্ড মসজিদে অনুষ্ঠিত হয়েছে দেশটির প্রধান জামাত। এখানে ইমামতি করেন যুবরাজ শেখ মোহাম্মদ বিন জায়েদ। দেশটির শারজাহ নগরীতেও হয়ে গেছে ঈদের জামাত। নামাজ শেষে শুরু হয়ে গেছে উৎসব। সবাই কোলাকুলি ও ঈদ শুভেচ্ছা বিনিময় করছেন। দেশটির প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট বিশের মুসলিম উম্মাহকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন।
ইরান
ইরানের প্রধান ঈদের জামায়াত অনুষ্ঠিত হয় তেহরানের ইমাম খোমেনী (রহ.) মুসাল্লায়। এতে ইমামতি করেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লা খামেনি। ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি মুসলিম দেশগুলোর সরকার ও জনগণের প্রতি পবিত্র ঈদ-উল ফিতরের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
রাশিয়া
রাশিয়াতে শুক্রবার পালন করা হচ্ছে ঈদুল ফিতর। ইতোমধ্যে অনুষ্ঠিত হয়ে গেছে প্রধান জামাত। দেশটির রাশিয়ান স্পিরিচুয়াল এডমিনিস্ট্রেশন অব মুসলিম এর ফার্স্ট ডেপুরি চেয়ারম্যান রুশান আবায়সভ বলেন, মস্কোতে সকাল সাতটায় ঈদ জামাতে অংশ নেন আড়াই লাখ মুসলিম। আর ক্যাথড্রেল মসজিদে অংশ নেন ১ লাখ ২০ হাজার থেকে ৩০ হাজার মুসলিম। এছাড়া রাশিয়ার ঐতিহ্যবাহী মস্কো মেমরিয়াল মসজিদেও জড়ো হয়েছেন মুসলিমরা। দেশটির মোট ৩৯টি স্থানে নামাজের ব্যবস্থা করা হয়েছে। রাশিয়ায় ২ কোটি মুসলিমের বসবাস, মসজিদ রয়েছে ৭ হাজার।
ভারত
ভারতে শনিবার ঈদুল ফিতর পালনের কথা থাকলেও কয়েকটি স্থানে শুক্রবারই ঈদ উদযাপন করছেন মুসলিমরা। কেরালার জামা মসজিদে শাহী ইমামের ইমামতিতে অনুষ্ঠিত হয়েছে প্রধান জামাত। এছাড়া শত শত মানুষ চন্দ্রশেখর স্টেডিয়ামে ঈদের নামাজ আদায় করেন। এরপর উৎসব শুরু হয়। কোলাকুলি ও শুভেচ্ছা বিনিময়ে ব্যস্ত হয়ে পড়ে সবাই। ভেন্যুতে উপস্থিতি ছিলেন কংগ্রেস এমপি শশী থারুরও।
দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর রোজাদারদের জন্য পবিত্র ঈদুল ফিতর খুবই তাৎপর্যপূর্ণ। রহমত, মাগফিরাত ও নাজাতের মাস শেষে শাওয়াল মাসের প্রথম দিনই শুরু হয় ঈদ। ঈদুল ফিতর আরবি শব্দ। এর অর্থই হচ্ছে আনন্দ, উৎসব, খুশি। চাঁদ দেখে রোজা পালন এবং চাঁদ দেখে ঈদ পালন করতে হয়। চাঁদ দেখার ওপর নির্ভর করে আরবি মাস ৩০ কিংবা ২৯ দিনে হয়।
বাংলাদেশে চাঁদ দেখার অপেক্ষায় রয়েছেন কোটি কোটি মুসলিম। শুক্রবার ইফতারের পর থেকেই শাওয়াল মাসের চাঁদ দেখতে উন্মুখ থাকবেন তারা। এদিন সন্ধ্যায় বায়তুল মোকারমে বৈঠকে বসবে জাতীয় চাঁদ দেখা কমিটি। চাঁদ দেখা গেলে আগামীকাল শনিবার বাংলাদেশে পালন করা হবে পবিত্র ঈদুল ফিতর।








