যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদে অভিবাসন প্রশ্নে রিপাবলিকানদের উত্থাপিত সমঝোতামূলক বিলটি পাসের জন্য ভোটাভুটির দিন-ক্ষণ পিছিয়ে দেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বৃহস্পতিবার (২১ জুন) সন্ধ্যায় অনুষ্ঠিত বৈঠকে গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে আইনপ্রণেতারা মতৈক্যে পৌঁছাতে ব্যর্থ হওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। ভোটাভুটির নির্দিষ্ট দিন-ক্ষণ জানা না গেলেও ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স বলছে, অন্তত আগামী সপ্তাহ পর্যন্ত ভোটাভুটি হচ্ছে না। এর আগেও আইনপ্রণেতাদেরকে পর্যালোচনার সুযোগ দিয়ে তথাকথিত সমঝোতামূলক রিপাবলিকান প্রস্তাবটি নিয়ে বিতর্ক শুক্রবার (২১ জুন) পর্যন্ত পিছিয়ে দেওয়া হয়েছিল। মতৈক্য না হওয়ায় আবারও তা পিছিয়ে গেলো।
ট্রাম্প প্রশাসনের ‘জিরো টলারেন্স নীতি’র আওতায় অবৈধ অভিবাসন প্রত্যাশীদের বিরুদ্ধে শুরু হওয়া আটক ও মামলার জেরে পরিবার থেকে বিচ্ছিন্ন হয়েছে দুই হাজারেরও বেশি শিশু। শিশুরা আইনের চোখে অপরাধী না হওয়ায় তাদেরকে আটক মা-বাবার কাছ থেকে বিচ্ছিন্ন করে অন্য আশ্রয়কেন্দ্রে রাখা হয়। মার্কিন অভিবাসন কর্মকর্তারা বলেছেন, ৫ মে থেকে ৯ জুন পর্যন্ত ২ হাজার ২০৬ জন বাবা-মার কাছ থেকে বিচ্ছিন্ন করা হয়েছে ২ হাজার ৩৪২ জন শিশুকে।
সাবেক ও বর্তমান ফার্স্ট লেডি,রিপাবলিকান ও ডেমোক্র্যাট নেতাসহ নির্বিশেষে ট্রাম্প প্রশাসনের শিশু বিচ্ছিন্নকরণ পদক্ষেপের সমালোচনা করেন। ফুঁসে ওঠে সাধারণ মার্কিনিরাও। দেশের বাইরেও ক্যাথলিক ধর্মগুরু পোপ ও কানাডীয় প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোসহ অনেকেই সমালোচনা করেন। চাপের মুখে বিচ্ছিন্নকরণ ঠেকাতে ‘পরিবারকে একত্রিত রাখা’র এক নির্বাহী আদেশ জারি করেন ট্রাম্প। তবে সেই আদেশেও ইতোমধ্যে বিচ্ছিন্ন হওয়া এই দুই সহস্রাধিক শিশুর ব্যাপারে কিছু বলা হয়নি।
অভিবাসনসংক্রান্ত পদক্ষেপ নিয়ে প্রতিনিধি পরিষদে ভোটাভুটি ভোটাভুটির জন্য এক জোড়া অভিবাসন বিল উত্থাপনের জন্য প্রস্তুত করে হাউস রিপাবলিকানরা। এর মধ্যে একটি বিল সংস্কারবাদী ও রক্ষণশীল রিপাবলিকানদের মধ্যে সমঝোতার ভিত্তিতে তৈরি করা হয়েছে। একে ডাকা হচ্ছে সমঝোতা বিল হিসেবে। আর আরেকটি বিল তৈরি করেছে অতি রক্ষণশীল রিপাবলিকানরা। প্রতিনিধি পরিষদে অভিবাসন সংক্রান্ত সমঝোতা বিলে রিপাবলিকানরা পরিবারগুলোর বিচ্ছিন্নকরণ বন্ধের জন্য একটি সুপারিশ যুক্ত করেছে। সেখানে ট্রাম্পের সীমান্ত দেয়াল নির্মাণ এবং নিরাপত্তা সংক্রান্ত কঠোর পদক্ষেপগুলো বাস্তবায়নে ২৫ বিলিয়ন ডলার দেওয়ার কথা বলা হয়েছে। ওই বিলটিতে শৈশবে যুক্তরাষ্ট্রে আসা অনথিভুক্ত অভিবাসী তথা ড্রিমার অভিবাসীদের নাগরিকত্ব প্রদানের কথাও বলা হয়েছে। বিপরীতে অতি রক্ষণশীল রিপাবলিকানদের উত্থাপিত বিলে ড্রিমারদের নাগরিকত্ব প্রদানের নিশ্চয়তা দেওয়া হয়নি। বৃহস্পতিবার, অতি রক্ষণশীলদের বিলটি প্রতিনিধি পরিষদে পাস হয়নি। আর সমঝোতামুলক বিলটি নিয়ে শুক্রবার বিতর্ক হওয়ার কথা থাকলেও তা পিছিয়ে দেওয়া হয়।
বৃহস্পতিবার হাউস রিপাবলিকানদের মধ্যে দুই ঘণ্টার রুদ্ধ-দ্বার বৈঠক হওয়ার পর রিপাবলিকান প্রতিনিধি জেফ ডেনহাম বলেন, ‘আমরা একটি সপ্তাহ ব্যয় করতে যাচ্ছি; আগামী সপ্তাহ পর্যন্ত ভোটাভুটি স্থগিত করছি। দেখা যাক, আমরা কোনও (নতুন) সমঝোতায় আসতে পারি কিনা।’
অতীতে মেক্সিকো সীমান্ত পেরিয়ে আমেরিকায় প্রবেশকারীদের অপরাধের রেকর্ড না থাকলে তাদের কেবল অস্থায়ীভাবে আটক রাখা হতো। এ কারণে শিশুরা তাদের অভিভাবকদের সঙ্গেই থাকতে পারত। তবে ট্রাম্প প্রশাসনের নেওয়া জিরো টলারেন্স নীতিতে সীমান্ত পেরিয়ে আসা সব মানুষকেই আইনের আওতায় নেওয়া হচ্ছে। শিশুরা আইনের চোখে অপরাধী না হওয়ায় পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ছে। অবৈধ অভিবাসীদের পরিবার থেকে বিচ্ছিন্নকরণের ঘটনা পূর্ববর্তী মার্কিন প্রশাসনগুলোতেও দেখা গেছে। তবে মানবাধিকারকর্মীরা বলছেন,সে সংখ্যাটা অনেক কম ছিল।








