সরকারি বাহিনীর হামলা থেকে বাঁচতে পালিয়ে যাওয়া সিরীয়দের জন্য জর্ডানের সীমান্ত খেলা রাথা আহ্বান জানিয়েছে জাতিসংঘের মানবাধিকার কমিশন। সংস্থাটির মুখপাত্র লিজ থ্রসেল এক সংবাদ সম্মেলনে বলেন, আমরা জর্ডান সরকারকে আহ্বান জানাই তারা যেন সহিংসতার শিকার সিরীয়দের জন্য তাদের সীমান্ত খোলা রাখে।
গত ১৯ জুন আসাদ বাহিনী ডেরার নিয়ন্ত্রণ নিতে লড়াই জোরালো করে। এতে করে জর্ডানের অভিমুখে নতুন করে শরণার্থী ঢল শুরু হয়। আসাদ বাহিনী ডেরার নিয়ন্ত্রণ নিতে সমর্থ হলেও কুনিয়েত্রা প্রদেশ এবং সেইদা প্রদেশের আংশ বিশেষে এখনও বিদ্রোহীদের সঙ্গে লড়াই চলছে।
গত দুই সপ্তাহে সিরিয়ার বিভিন্ন স্থানে বিমান ও স্থল হামলা থেকে বাঁচতে ২ লাখ ৭০ হাজার সিরীয় পালিয়ে বেড়াচ্ছেন। জাতিসংঘের মানবাধিকার কমিশন ইউএনএইচসিআর জানায়, প্রায় ৪০ হাজার সিরীয় জর্ডান সীমান্তে অবস্থান করছে। ইতোমধ্যে দেশটিতে সাড়ে ছয় লাখ নিবন্ধিত সিরীয় শরণার্থী রয়েছেন।
রাশিয়ার বিমান বাহিনীর সমর্থনে চালানো এই অভিযানের কারণে হাজার হাজার সিরীয় নাগরিক জর্ডান সীমান্তে জড়ো হয়েছে। তবে জর্ডান তাদের প্রবেশে বাধা দিচ্ছে। আগে থেকে কয়েক লাখ শরণার্থীকে আশ্রয় দেওয়া দেশটি দাবি করছে আরও বেশি শরণার্থী সামলানোর মতো সম্পদ নেই তাদের। দেশটি জানায়, ইতিমধ্যে জর্ডানে ১৩ লাখ সিরীয় রয়েছে। আমাদের দেশ সামর্থ্যের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। জর্ডান এদের দায়িত্ব নিয়েছে, আর আমি অবশ্যই বলবো আমরা প্রায় একাই এই দায়িত্ব পালন করছি।








