ইয়েমেনে সেনাবাহিনীর অভিযানে ২৩ হুথি বিদ্রোহী নিহত হয়েছে। শুক্রবার এই অভিযান চালানো হয়।
২০১৫ সালের মার্চে হুথি বিদ্রোহীদের বিরুদ্ধে ‘অপারেশন ডিসাইসিভ স্টর্ম’ নামে সামরিক অভিযান পরিচালনা শুরু করে সৌদি আরব ও তার মিত্র দেশগুলো। তারপর থেকে এ যুদ্ধে হাজার হাজার মানুষ নিহত হয়েছেন। কয়েক লাখ মানুষ ঘরছাড়া হয়েছে। পুরো ইয়েমেন দুর্ভিক্ষের মুখে রয়েছে।
ইয়েমেনের সেনাবাহিনীর ষষ্ঠ সামরিক অঞ্চলের মুখপাত্র কর্নেল আব্দুল্লাহ আল আশরাফ বার্তা সংস্থা আনাদোলু এজেন্সিকে বলেন, ইয়েমের আল জাউফ গভর্নরেটের আল মাসলুন জেলায় চালানো অভিযানে এসব বিদ্রোহী নিহত হয়। কর্মকর্তারা দাবি করেছেন, এই অভিযানের মাধ্যেম আল জাউফ গভর্নরেটে ৮০ শতাংশের বেশি এলাকা সরকারি বাহিনীর নিয়ন্ত্রণে এসেছে।
২০১৪ সালে হুথি বিদ্রোহীরা দেশটির প্রেসিডেন্ট মনসুর হাদিকে উচ্ছেদ করে রাজধানী দখলে নেয় এবং প্রেসিডেন্টকে নির্বাসনে যেতে বাধ্য করে। প্রেসিডেন্টের অনুগত সেনাবাহিনীর একাংশ হুথিদের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে। এরপর প্রেসিডেন্টের হয়ে হুথি বিদ্রোহীদের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করে সৌদি আরবের নেতৃত্বাধীন আরব। বর্তমানে হুথিরা দেশটির রাজধানী সানাসহ বেশ কয়েকটি এলাকা নিয়ন্ত্রণ করছে।








