ইরানের কেরমানশাহ প্রদেশে শক্তিশালী ভূমিকম্পের আঘাতে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ৫৮ জন। রিখটার স্কেলে ওই ভূমিকম্পের মাত্রা ছিলো ৫ দশমিক ৯। সরকারি বার্তা সংস্থা তাসমিমের বরাত দিয়ে একথা জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স।
তাসমিম জানায়, কেরমানশাহের উত্তর-পশ্চিমাঞ্চলীয় তাজেহাবাদ শহরে একজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। ভূমিকম্পের পর ৩ মাত্রার দুটি আফটারশকও অনুভূত হয়।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানায়, কেরমানশাহ থেকে ৫৫ মাইল দূরে ৬ দশমিক ১ মাত্রার ভূমিকম্পের উৎপত্তি হয়। ইরাকের রাজধানী বাগদাদ থেকেও কম্পন অনুভূত হয়েছে।
এর আগে গত নভেম্বরে কেরমানশাহ প্রদেশের সীমান্তবর্তী গ্রাম ও শহরগুলোতে ৭ দশমিক ৩ মাত্রার ভূমিকম্প আঘাত এনেছিলো এতে অন্তত ৫৩০ জন প্রাণ হারিয়েছিলেন। আহত হয়েছিলেন হাজারো মানুষ।








