ইরাকে অবস্থিত ইরানি সামরিক স্থাপনায় হামলা চালানো হতে পারে বলে ইঙ্গিত দিয়েছে ইসরায়েল। সোমবার দেশটির প্রতিরক্ষামন্ত্রী আভিগেদোর লিবারম্যান বলেন, আমরা সিরিয়াতে সবকিছুই পর্যবেক্ষণ করছি। যেকোনও জায়গা থেকে হুমকি আসলেই আমরা প্রতিহত করবো।’
গত কয়েক বছর ধরে ইরান-ইসরায়েলের ছায়াযুদ্ধ চলছিল। সর্বশেষ তা সিরিয়ার গৃহযুদ্ধে প্রকাশ্য রূপ নেয়। ইসরায়েলে দায়িত্ব পালন করা সাবেক মার্কিন রাষ্ট্রদূত মার্টিন এস. ইন্ডিক বলেন, এটা কোনও ছায়াযুদ্ধ নয়, এটা একেবারে সরাসরি যুদ্ধ, যা এটাকে বিপজ্জনক করে তুলেছে। হয়তো প্রায় ২০ বছর ধরে ইরান-ইসরায়েল শীতল যুদ্ধ করছে। কিন্তু এখন তারা প্রকাশ্যে ও সরাসরি এবং সেনাদের নিয়ে লড়ছে। ইসরায়েলি হামলায় ইরানিদের নিহতের সংখ্যা বাড়ছে। অন্য যে কোনও সময়ের তুলনায় যুদ্ধের আশঙ্কা বাড়ছে।
লিবারম্যান বলেন, আমরা সবই দেখছি। স্পষ্ট করে বলতে চাই ইরানি হুমকি প্রতিহতের ক্ষেত্রে আমরা শুধু সিরিয়াতে সীমাবদ্ধ নেই।
ইরাকেও ইরানের সঙ্গে যুদ্ধে লিপ্ত হওয়ার সম্ভাবনা আছে কি না এমন প্রশ্নের জবাবে লিবারম্যান বলেন,‘আমি বলতে চাই, আমরা যেকোনও স্থানেই ইরানি হুমকি প্রতিহত করবো। ইসরায়েলের স্বাধীনতাই বড় প্রশ্ন। কোন দেশ থেকে হুমকি আসছে তা জরুরি নয়।’








