ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞার কারণে মানবিক সহায়তাকে সুরক্ষিত রাখতে ও বেসামরিক বিমান চলাচলের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যবস্থা নেওয়ার জন্য যুক্তরাষ্ট্রকে নির্দেশ দিয়েছে জাতিসংঘের বিচার আদালত। বুধবার আদালত এই নির্দেশ দিয়েছে বলে জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স।
চলতি বছর ২০১৫ সালে স্বাক্ষরিত ইরান পারমাণবিক চুক্তি থেকে বের হয়ে এসে ইরানের ওপর আবারও অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দেয় যুক্তরাষ্ট্র। জুলাই থেকে কয়েকটি ধাপে ইরানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা কার্যকর করা হয়েছে। তবে ইউরোপে থাকা মার্কিন মিত্রসহ ইরান চুক্তিতে স্বাক্ষরকারী অন্য পক্ষগুলো তা বহাল রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছে। এরই মধ্যে এই নিষেধাজ্ঞা নিয়ে জাতিসংঘের আদালতে উপস্থিত হয় ইরান। দেশটির আবেদনের পর শুনানি শেষে যুক্তরাষ্ট্রকে এই নির্দেশনা দিল আদালত।
ইন্টারন্যাশনার কোর্ট অব জাস্টিস বা ওয়ার্ল্ড কোর্ট নামে পরিচিত এই আদালত ইরানের আবেদনের প্রেক্ষিতে বুধবার তাদের পক্ষে এই রায় দেয়। ইরান অভিযোগ করে আসছে, গত মে মাস থেকে দেশটির ওপর নিষেধাজ্ঞা আরোপের মাধ্যমে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন ১৯৫৫ সালের ‘বন্ধুত্বের চুক্তি’ লঙ্ঘন করেছে।








