মার্কিন নিষেধাজ্ঞার পর ইরানের সরবরাহ বন্ধ হলে ওই তেলের ঘাটতি পূরণে সক্ষম হবেন বলে করা সৌদি যুবরাজের মন্তব্যকে নাকচ করে দিয়েছে ইরান। সোমবার ইরানের তেলমন্ত্রী বিজান জাঙ্গানেহ বলেছেন, এ ধরনের দাবি আন্তর্জাতিক বাজার বিশ্বাস করবে না।
গত শুক্রবার সৌদি যুবরাজ মোহাম্মাদ বিন সালমান মার্কিন সংবাদ মাধ্যম ব্লুমবার্গকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, নিষেধাজ্ঞা পুনর্বহাল করার পর ইরানি তেলের শূণ্যস্থান পূরণের বিষয়ে যুক্তরাষ্ট্রকে দেওয়া প্রতিশ্রুতি পূরণ করেছে তার দেশ। বিন সালমান দাবি করেন, ইরান দৈনিক সাত লাখ ব্যারেল তেল কম উত্তোলন করছে।
তবে ইরানের তেলমন্ত্রী বিজান জাঙ্গানেহ বলেন, বিন সালমানের বক্তব্য শুনে মনে হচ্ছে তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চাপের মুখে এমন বক্তব্য দিতে বাধ্য হয়েছেন। তিনি আরও বলেন, ‘সৌদি আরব কিংবা অন্য কোনো দেশের এই ঘাটতি পূরণ করার সক্ষমতা নেই।’ তার মতে, বাজার পরিস্থিতি এবং আন্তর্জাতিক বাজারে তেলের দাম বেড়ে যাওয়াতেই প্রমাণ হয় বাজারে তেলের ঘাটতি রয়েছে। আশঙ্কা করা হচ্ছে বাজারে এ ঘাটতি মারাত্মক আকার ধারণ করবে।
জাঙ্গানেহ বলেন, সৌদি আরব বাজারে যে বাড়তি তেল সরবরাহ করছে তা নতুন করে উত্তোলন করা নয়। এই তেল আগেই উত্তোলন করা ছিল। সূত্র: পার্সটুডে।








