খাশোগি হত্যার তথ্যপ্রমাণ জনসম্মুখে হাজির করার ঘোষণা দিয়েছে তুরস্ক। সৌদি কনস্যুলেট ভবনে এই হত্যাকাণ্ড সংঘটিত হওয়ার স্বীকারোক্তি দেওয়ার পর থেকে সুষ্ঠু তদন্তের দাবিতে রিয়াদের ওপর চাপ বাড়ছে। এমন সময় তুরস্কের পক্ষ থেকে ঘটনার বিস্তারিত আলামত জনসম্মুখে হাজির করার ঘোষণা এলো। সৌদি আরব এখন খাশোগি হত্যাকাণ্ডকে কয়েকজন গোয়েন্দা সদস্যের স্বেচ্ছামূলক নীতিবিবর্জিত কর্মকাণ্ড আকারে প্রতিষ্ঠা করতে চাইছে। এমন সময় তুর্কি প্রেসিডেন্ট এরদোয়ান ঘটনার বিস্তারিত প্রকাশের অঙ্গীকার করলেন। মার্কিন সাময়িকী টাইম ম্যাগাজিন বলছে, তুরস্কের এই পদক্ষেপের মধ্য দিয়ে খাশোগি নিখোঁজের রহস্য উন্মোচিত হওয়ার আশা জোরালো হয়েছে।
খাশোগি নিখোঁজ হওয়ার দুই সপ্তাহ পর তাকে হত্যা করা হয়েছে বলে স্বীকারোক্তি দেয় সৌদি আরব। সৌদি পাবলিক প্রসিকিউটর শনিবার রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে দাবি করেন, ‘স্বেচ্ছায় নির্বাসনে থাকা খাশোগিকে সৌদি আরবে ফিরিয়ে আনার জন্য সাধারণ নির্দেশনা জারি ছিল। যখন খবর আসে বিয়ের জন্য কিছু নথিপত্র নিতে ২ অক্টোবর খাশোগি ইস্তানবুল কনস্যুলেটে যাবেন তখন জেনারেল আসিরি ১৫ সদস্যের একটি দল পাঠান এ ব্যাপারে তার সঙ্গে আলোচনা করতে। সৌদি কনস্যুলেটে দেখা করতে যাওয়া কয়েকজনের সঙ্গে খাশোগির লড়াই হয়। আর তাতেই খাশোগির মৃত্যু হয়।’ সৌদি আরবের এমন ব্যাখ্যার পর তুর্কি প্রেসিডেন্ট এরদোয়ান ঘটনার বিস্তারিত প্রকাশ করার ঘোষণা দিয়েছেন। রবিবার তিনি জানিয়েছেন, মঙ্গলবারের পার্লামেন্ট ভাষণে তিনি তদন্তের বিস্তারিত চিত্র তুলে ধরবেন।
সৌদি পররাষ্ট্রমন্ত্রী আদেল আল জুবায়ের ফক্স নিউজকে বলেছেন, ‘গোপন অভিযানের’ মাধ্যমে খাশোগিকে হত্যা করা হয়েছে আর ‘তার লাশ কোথায় আছে তা আমরা জানি না’। তিনি বলেন, ‘এ ঘটনায় জড়িতরা কর্তৃপক্ষের অগোচরেই এই কাজ করেছে’। তিনি আরও বলেন, ‘এখানে নিশ্চিতভাবে একটি ভয়ংকর ভুল করা হয়েছে আর পরবর্তীতে এই ভুল ঢাকার চেষ্টা করা হয়েছে। এটা সরকারের কাছেও অগ্রহণযোগ্য।’
সৌদি আরব খাশোগি হত্যাকাণ্ডকে কয়েকজন গোয়েন্দা কর্মকর্তার অপরিকল্পিত আকষ্মিক কর্মকাণ্ড হিসেবে প্রতিষ্ঠা করতে চাইলেও তুরস্কের উচ্চপর্যায়ের একটি সূত্র বলছে, পরিকল্পিতভাবেই তাকে খুন করা হয়েছে। সে দেশের সংবাদমাধ্যমগুলো বলেছে, তারা এমন সব শক্ত ও বিপুল প্রমাণ সংগ্রহ করেছেন, যাতে দেখা যায় খাশোগি পূর্বনির্ধারিত হত্যাকাণ্ডের শিকার হয়েছিলেন। এর আগে তুর্কি কর্তৃপক্ষ জানায়, খাশোগিকে নির্যাতন, হত্যা এবং টুকরো টুকরো করে ফেলার প্রমাণ রয়েছে তাদের কাছে।








