যুদ্ধবিধ্বস্ত ইয়েমেনে মানবিক সহায়তার জন্য ৪০০ কোটি মার্কিন ডলার প্রয়োজন বলে জানিয়েছে জাতিসংঘ। সংস্থা্টির মানবাধিকার ও জরুরি ত্রাণ বিষয়ক সমন্বয় মার্ক লোকক বলেন, ইয়েমেন ভয়াবহ দুর্যোগের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে রয়েছে। জরুরি ভিত্তিতে সহায়তা প্রয়োজন।
২০১৫ সালে ইয়েমেনের প্রেসিডেন্ট মনসুর হাদিকে উচ্ছেদ করে রাজধানী দখলে নেয় ইরান সমর্থিত হুথি বিদ্রোহীরা। পরে সৌদির রাজধানী রিয়াদে নির্বাসনে যেতে বাধ্য হন হাদি। হুথিদের ক্ষমতা দখলের পর থেকেই হাদির অনুগত সেনাবাহিনীর একাংশ তাদের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে। ২০১৫ সালের মার্চে হুথি বিদ্রোহীদের বিরুদ্ধে মিত্রদের নিয়ে ‘অপারেশন ডিসাইসিভ স্টর্ম’ নামে সামরিক অভিযান শুরু করে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত। সৌদি জোটের অভিযান শুরুর পর এ পর্যন্ত ১০ হাজারের বেশি মানুষ নিহত হয়েছে। এদের মধ্যে অনেক শিশু রয়েছে।
মার্ক লোকক বলেন, ইয়েমেনের পরিস্থিতি দিন দিন খারাপ হচ্ছে। তবে এখনও দেরী হয়ে যায়নি। তিনি বলেন, ‘আমি ইয়েমেন সফরের সময় সানার বাইরে বাস করা পরিবারের সঙ্গে কথা বলি। তারা জানান, কতটা দুর্বিষহ পরিস্থিতিতে দিন কাটাতে হচ্ছে তাদের।
শনিবার যুদ্ধবিধ্বস্ত দেশটিতে সফরে যান লোকক। সেখানে আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের সঙ্গে দেখা করেন। আলোচনা করেন হুথি বিদ্রোহীদের সঙ্গে শান্তি আলোচনার সম্ভাবনা নিয়ে।








