ফ্রান্সের আল্পস পর্বতমালায় ধসে পড়া বরফ খণ্ডের নিচে চাপা পড়ে থাকা এক কিশোরকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে। ৪০ মিনিট ধরে তুষার খণ্ডের নিচে চাপা পড়েছিল ১২ বছর বয়সী ওই কিশোর। তাকে জীবিত উদ্ধার করতে পারাকে ‘অলৌকিক’ ঘটনা বলছেন উদ্ধারকারীরাও। মার্কিন বার্তা সংস্থা এপির এক প্রতিবেদন থেকে এসব কথা জানা গেছে।
বুর্জ সেন্ট মরিশ শহরের পুলিশকে উদ্ধৃত করে এপি জানায়, ওই কিশোর বুধবার (২৬ ডিসেম্বর) লা ফ্লাগনে স্কি রিসোর্টে স্কিয়িং করছিলো। ওই দলে সাতজন স্কিয়ার ছিল। তবে ওই কিশোর দ্রুত বেগে স্কিয়িং করতে গিয়ে দল থেকে বিচ্যুত হয়ে পড়ে এবং অনেকখানি এগিয়ে যায়। হঠাৎ করে পর্বতের একটি বড় বরফখণ্ড ধসে পড়ে এবং তার চাপা পড়ে ওই কিশোর।
খবর পেয়ে উদ্ধারকারীরা হেলিকপ্টারে করে দ্রুত সেখানে ছুটে যান। ঘটনাস্থলটি ৭ হাজার ৮৭৫ ফুট উঁচুতে অবস্থিত। উদ্ধারকারীদের সঙ্গে থাকা একটি স্নিফার কুকুর তুষারের নিচে চাপা পড়ে থাকা কিশোরকে শনাক্ত করে। এরপর জীবিত অবস্থায় তাকে উদ্ধার করা হয়।
এ অভিযানকে ‘অলৌকিক’ বলছেন উদ্ধারকারীরা। তারা জানান, বরফ খণ্ডের নিচে চাপা পড়ার ১৫ মিনিট পর কারও বেঁচে থাকাটা অলৌকিক ঘটনা। পুলিশ বলছে, ওই কিশোরের শ্বাস নেওয়ার জায়গাটি তুষারে ঢাকা না পড়ায় সে প্রাণে বেঁচে গেছে। ক্যাপ্টেন প্যাট্রিস রিবেস বলেন, ‘একে আমরা অলৌকিক বলতে পারি। বড়দিনের পরেরদিন আমরা আরেকটি উপহার পেলাম।’
এপির প্রতিবেদন থেকে জানা গেছে, উদ্ধার হওয়া কিশোর অক্ষত থাকলেও স্বাস্থ্য পরীক্ষার জন্য তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।








