সাংবাদিক গ্রেফতার-নির্যাতনের ঘটনায় দুই আন্তর্জাতিক সংস্থার উদ্বেগ

বিদেশ ডেস্ক
০৩ জানুয়ারি ২০১৯, ১৮:৫৩আপডেট : ০৩ জানুয়ারি ২০১৯, ২০:০৮
image

একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সাংবাদিকদের ওপর হামলা-নির্যাতন ও গ্রেফতারের ঘটনায় উদ্বেগ জানিয়েছে সংশ্লিষ্ট দুই আন্তর্জাতিক সংস্থা। নিউ ইয়র্কভিত্তিক সংস্থা কমিটি টু প্রটেক্ট জার্নালিজম-সিপিজে ও প্যারিসভিত্তিক সংস্থা রিপোটার্স উইদাউট বর্ডারস (রিপোর্টার্স স্যান্স ফ্রন্টিয়ার্স-আরএসএফ) পৃথক পৃথক বিবৃতিতে ডিজিটাল নিরাপত্তা আইনকে ‘ভয়াবহ’ (ড্রাকোনিয়ান) ও মুক্ত সাংবাদিকতার পরিপন্থী আখ্যা দিয়েছে। ওই আইনে গ্রেফতার বাংলা ট্রিবিউন ও ঢাকা ট্রিবিউনের সাংবাদিক হেদায়েৎ হোসেন মোল্যার মুক্তিসহ সংবাদমাধ্যমের স্বাধীনতা রক্ষার আহ্বানও জানানো হয়েছে বিবৃতিতে।
সাংবাদিক গ্রেফতার-নির্যাতনের ঘটনায় দুই আন্তর্জাতিক সংস্থার উদ্বেগ

বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন সূত্রে সিপিজে তাদের ওয়েবসাইটে প্রকাশিত বিবৃতিতে দাবি করেছে, নির্বাচনের খবর সংগ্রহের দায়িত্বে থাকা বেশ কয়েকজন সাংবাদিকের ওপর হামলা করা হয়েছে এবং ভোটকেন্দ্রে ঢুকতে দেওয়া হয়নি। ২৫ ডিসেম্বর নবাবগঞ্জে লাঠিসোটা ও হকিস্টিক নিয়ে ১০ সাংবাদিকের ওপর মুখোশধারীদের হামলার প্রসঙ্গ উল্লেখ করেছে তারা। সংবাদ প্রতিবেদন সূত্রে সংস্থাটির বিবৃতিতে বলা হয়েছে, ওই সাংবাদিকরা নির্বাচনি প্রচারণা সংক্রান্ত খবর সংগ্রহের কাজে নিয়োজিত ছিলেন। হামলাকারীরা হোটেলের জানালা ও গাড়ি ভাঙচুর করেছে। বাংলাদেশের ইংরেজি দৈনিক ডেইলি স্টার সূত্রে বিবৃতিতে বলা হয়েছে, নির্বাচনের দিন তাদের সাংবাদিক কাজী তাহসিন আগাজ অপূর্ব ঢাকার একটি ভোট কেন্দ্রের বাইরে ছবি তুলতে গিয়ে আওয়ামী লীগের ব্যাজ পরিহিত ব্যক্তিদের প্রশ্নের মুখে পড়েন। একপর্যায়ে তাকে পেটানো হয়। একইদিন সি-ভয়েস টোয়েন্টি ফোর-এর সাংবাদিক আল আমিন চট্টগ্রামের একটি ভোটকেন্দ্রে প্রবেশ করতে চাইলে প্রায় ১৫ জন মিলে  তাকে পেটায়। আল জাজিরাকে দেওয়া মানবজমিন পত্রিকার সাংবাদিক কাফি কামালের সাক্ষাৎকার সূত্রে বিবৃতিতে বলা হয়েছে, ঢাকায় একটি ভোটকেন্দ্রের কাছে ছবি তোলার সময় কয়েকজন ব্যক্তির হামলায় তিনি আহত হয়েছেন। কাফি কামাল জানান, তাকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে এবং তিনি তার দৃষ্টিশক্তির অনেকখানিই হারিয়ে ফেলেছেন।

আরএসএফ-এর বিবৃতিতেও ডেইলি স্টারের আলোকচিত্রী কাজী তাহসিন আগাজ অপূর্ব’ সিভয়েস টুয়েন্টি ফোর ডট কমের রিপোর্টার আল আমিন ও মানবজমিন পত্রিকার রিপোর্টার কাফি কামালের ওপর হামলার প্রসঙ্গ উল্লেখ করা হয়েছে। ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বাংলাদেশে মারাত্মকভাবে সংবাদমাধ্যমের স্বাধীনতা লঙ্ঘিত হয়েছে বলে অভিযোগ করেছে সংগঠনটি। এদিকে ডেইলি স্টারের প্রতিবেদন সূত্রে সিপিজের বিবৃতিতে বলা হয়েছে, পরিচয়পত্র থাকা সত্ত্বেও ভোটকেন্দ্রে তাদের কিছু সংখ্যক সাংবাদিককে প্রবেশ করতে দেয়নি আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য ও ক্ষমতাসীন দলের সমর্থকরা। সংস্থাটি দাবি করেছে, নির্বাচন কমিশনের কাছ থেকে অনুমতি পাওয়া সত্ত্বেও ডেইলি স্টারের কমপক্ষে সাতজন সাংবাদিককে ভোটকেন্দ্রে প্রবেশে বাধা দিয়েছে পুলিশ ও ক্ষমতাসীন জোটের প্রতিনিধিরা। ২৮ ডিসেম্বর ক্যাবল টিভি অপারেটররা হঠাৎ করে স্বাধীন মত প্রকাশে খ্যাতিসম্পন্ন যমুনা টিভির সম্প্রচার বন্ধ করে দেয়। এর চারদিন আগে প্রায় ৩০ অস্ত্রধারী একটি হোটেলে যমুনা টিভি ও একই মালিকানাধীন পরিচালিত পত্রিকার সাংবাদিকদের ওপর হামলা চালায়। সদ্য কারামুক্ত বিখ্যাত আলোকচিত্রী শহিদুল আলম তার সহকর্মী সুমন পালকে সঙ্গে নিয়ে কিছু ছবি তোলার চেষ্টা করলে সেখানে সৃষ্টি হওয়া হাঙ্গামায় আহত হন। আক্রমণ চালানো হয় সুমন পালের ওপরও।  প্রায় ২০ জন কর্মী দৈনিক মানব কণ্ঠের সাংবাদিক জুবাইর রাকেশের ওপর হামলা চালায় ও তার ক্যামেরা ভেঙে দেয়।

দুই সংস্থার বিবৃতিতেই ডিজিটাল নিরাপত্তা আইনকে ‘ভয়াবহ’ (ড্রাকোনিয়ান) আখ্যা দেওয়া হয়েছে। সিপিজে তাদের নিজেদের গবেষণা সূত্রে দাবি করেছে, ইতোমধ্যেই আলোকচিত্রী শহিদুল আলমসহ সংবাদমাধ্যমকে হয়রানি করতে কর্তৃপক্ষ এ আইনের ব্যবহার করেছে। বিবৃতিতে তারা লিখেছে, যে ডিজিটাল নিরাপত্তা আইনের আওতায় সাংবাদিক হেদায়েৎ হোসেন মোল্যা ও রাশিদুল ইসলামকে অভিযুক্ত করা হয়েছে, তা এ বছরের সেপ্টেম্বরে চালু হয়েছে। দায়িত্ব পালনের ক্ষেত্রে এ আইনটি সাংবাদিকদের জন্য বড় ধরনের আইনি ঝুঁকি তৈরি করবে বলে আগে থেকেই উদ্বেগ জানানো হচ্ছিলো। তা সত্ত্বেও তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) আইনের জায়গায় ডিজিটাল নিরাপত্তা আইন প্রণিত হয়। এদিকে আরএসএফ-এর বিবৃতিতে বলা হয়েছে, নির্বাচন পরবর্তী সময়ের সূচনা হয়েছে সংবাদমাধ্যমের স্বাধীনতার প্রতি নেতিবাচক অবস্থানের মধ্য দিয়ে। ‘নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে অসত্য তথ্য সরবরাহের’ কারণে গতকাল একজন সাংবাদিককে গ্রেফতারের পর নিরাপত্তা হেফাজতে নেওয়া হয়েছে। ঘটনার বলি হয়েছেন সাংবাদিক হেদায়েৎ হোসেন মোল্লা, যিনি ঢাকা ট্রিবিউন ও বাংলা ট্রিবিউনের জন্য কাজ করেন। ‘অসত্য তথ্য’ সরবরাহের মাধ্যমে তিনি সবমিলে যা করেছেন, তা হলো নথিভুক্ত ভোটারের সংখ্যার চেয়ে ২২,৪১৯ ভোট বেশি পড়ার ঘটনা নিয়ে প্রতিবেদন করেছেন।   

বিবৃতিতে বলা হয়েছে, একই অনিয়মের বিরুদ্ধে প্রতিবেদন তৈরি করেছিলেন মানবজমিনের সাংবাদিক রাশিদুল ইসলাম। তার বিরুদ্ধেও একই মামলা হওয়ার পর আত্মগোপনে আছেন তিনি।  বিবৃতিতে বলা হয়েছে, সাংবাদিকের পেশাগত দায়িত্ব পালন করতে গিয়েই তারা মামলার কবলে পড়েছেন। মোল্যা ও ইসলাম এখন ১৪ বছর পর্যন্ত কারাদণ্ডের আশঙ্কায় রয়েছেন। অবিলম্বে সাংবাদিক হেদায়েৎ হোসেন মোল্যা ও রাশিদুল ইসলামের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের আহ্বান জানিয়েছে তারা।

এদিকে ওয়াশিংটন ডিসি থেকে সিপিজের এশিয়া অঞ্চলের সমন্বয়ক স্টিভেন বাটলার সাংবাদিক হেদায়েতকে অবিলম্বে মুক্তি দেওয়ার আহ্বান জানিয়েছেন। বলেছেন, ‘নির্বাচনে অনিয়মের অভিযোগ নিয়ে প্রতিবেদন প্রকাশ আর এ নিয়ে যথাযথ প্রশ্ন তোলার কারণে কোনও সাংবাদিককে গ্রেফতারের ঘটনা পুনঃনির্বাচিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার দল আওয়ামী লীগের ক্ষেত্রে একটি হতাশাজনক অবস্থান।’ তিনি বলেন, ‘সরকারকে তার দেওয়া গণতান্ত্রিক মূল্যবোধ অক্ষুণ্ন রাখার প্রতিশ্রুতি রক্ষা করতে হবে এবং সংবাদমাধ্যমের স্বাধীনতা ক্ষুণ্ন করতে ডিজিটাল নিরাপত্তা আইনের ব্যবহার থেকে বিরত থাকতে হবে’।   

আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগের জন্য দলটির ওয়েবসাইটে কোনও তথ্য পায়নি সিপিজে। সরকারের প্রেস সচিবের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছিল তারা, তবে ওয়েবসাইটে দেওয়া ফোন নাম্বারটি সচল ছিল না।

/এফইউ/বিএ/
সম্পর্কিত
আন্তর্জাতিক সংবাদমাধ্যমে বাংলাদেশের নির্বাচন
রয়টার্সের বিশ্লেষণভারতের সঙ্গে সম্পর্কের টানাপোড়েনে বাংলাদেশে প্রভাব বাড়াতে চায় চীন
বিশেষজ্ঞদের সতর্কতানির্বাচন ঘিরে বাইরের দেশ থেকে আসছে মিথ্যা তথ্যের ঢেউ
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম