বিশ্বের ১৮০টি দেশের রাজনীতিক, সেলিব্রেটি ও বিত্তশালী মানুষের অর্থনৈতিক লেনদেন ও মালিকানা সংক্রান্ত বিস্তারিত তথ্যের ডাটাবেজ প্যারাডাইস পেপারস ধরে তদন্ত চালানোয় এক সাংবাদিককে এক বছরেরও বেশি কারাদণ্ড দিয়েছে তুরস্ক। পেলিন উঙ্কার নামে ওই সাংবাদিককে ‘মানহানি ও অপমান’র দায়ে অভিযুক্ত করে এই দণ্ড দিয়েছে ইস্তানবুলের একটি আদালত। প্যারাডাইস পেপারে তদন্তের মাধ্যমে দেশটির সাবেক প্রধানমন্ত্রী ও তার সন্তানের করফাঁকির বিস্তারিত তথ্য উদঘাটন করেছিলেন ইন্টারন্যাশনাল কনসোর্টিয়াম অব ইনভেস্টিগেটিভ জার্নালিস্ট (আইসিআইজে) এর সদস্য পেলিন।
সাংবাদিকদের কারাদণ্ড দেওয়ার ক্ষেত্রে বিশ্বের সবচেয়ে নিকৃষ্ট দেশগুলোর একটি তুরস্ক। কমিটি টু প্রটেক্ট জার্নালিস্টের তথ্য অনুযায়ী, গত বছর দেশটিতে ৬৮ জন সাংবাদিককে কারাদণ্ড দেওয়া হয়েছে। কারাদণ্ড পাওয়া সব সাংবাদিকই রাষ্ট্রের বিরুদ্ধে অপরাধের মামলা মোকাবিলা করছেন।
২০১৬ থেকে ২০১৮ সালের মধ্যে তুরস্কের প্রধানমন্ত্রী ছিলেন বিনালি ইলদ্রিম। পরে ওই পদ বিলুপ্ত করা হলে বর্তমানে তিনি দেশটির ন্যাশনাল অ্যাসেম্বলির স্পিকারের দায়িত্ব পালন করছেন। মাল্টায় ইলদ্রিম ও তার সন্তানদের নামে থাকা অফশোর কোম্পানি খুলে ট্যাক্স হেভেনে (কর দিতে হয় না বা সামান্য হারে কর দেওয়া যায় এমন দেশ) বিনিয়োগ করে আর্থিকভাবে লাভবান হয়েছেন বলে প্রকাশ করেন পেলিন। দণ্ড ঘোষণার পর পেলিন জানিয়েছেন ইলদ্রিমের পরিবারের সদস্যরা স্বীকার করেছেন মাল্টায় তাদের ব্যবসা সংক্রান্ত তথ্য সঠিক।
আদালতের দণ্ড ঘোষণার পর পেলিন আইসিআইজে’কে জানিয়েছেন তিনি আপিল করতে চান। তিনি বলেন, এই সিদ্ধান্ত আমাদের অবাক করেনি। কারণ শুরু থেকেই ফলাফল এরকম হবে বলেই আমাদের ধারণা ছিল। আমার লেখা নিবন্ধগুলোতে মানহানি বা আক্রমণাত্মক কিছু ছিল না। তিনি বলেন, ঘটনা হলো বিনালি ইলদ্রিমের সন্তানদের মাল্টায় ব্যবসা আছে। বিনালি ইলদ্রিম এরইমধ্যে স্বীকার করেছেন তাদের এই কোম্পানিগুলো রয়েছে। অভিযোগেও এটা স্বীকার করে নেওয়া হয়েছে।
২০১৭ সালের নভেম্বরে ফাঁস হয়ে পড়ে প্যারাডাইস পেপারস সংশ্লিষ্ট এক কোটি ৩৪ লাখ গোপন নথি। বারমুডার আইনি পরামর্শক প্রতিষ্ঠান অ্যাপালবি থেকে এর বেশিরভাগ নথি ফাঁস হয়ে পড়ে। সাংবাদিক সংগঠন ইন্টারন্যাশনাল কনসোর্টিয়াম অব ইনভেস্টিগেটিভ জার্নালিস্ট এর নেতৃত্বের বিশ্বের ৬৭টি দেশের ৩৮১ জন সাংবাদিক এসব নথি বিশ্লেষণ করে বিভিন্ন দেশের সেলিব্রেটিসহ, রাজনীতিক ও বিত্তশালীদের করফাঁকির তথ্য প্রকাশ করে।








