ভেনেজুয়েলার স্বঘোষিত প্রেসিডেন্ট হুয়ান গুইদোকে দেশটির অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট হিসেবে স্বীকৃতি দিয়েছে ইউরোপীয় পার্লামেন্ট। বৃহস্পতিবার (৩১ জানুয়ারি) পার্লামেন্টে এ সংক্রান্ত একটি প্রস্তাব পাস হয়েছে। ভেনেজুয়েলায় একটি অবাধ, স্বচ্ছ ও বিশ্বাসযোগ্য প্রেসিডেন্ট নির্বাচন আয়োজন না করা পর্যন্ত গুইদোকে স্বীকৃতি দিতে ইউরোপীয় ইউনিয়নের সদস্যদের প্রতিও আহ্বান জানিয়েছেন ইউরোপীয় পার্লামেন্ট সদস্যরা। বৃহস্পতিবার ইইউ পার্লামেন্টের ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদন থেকে এসব কথা জানা গেছে।
গত বছর অনুষ্ঠিত নির্বাচনে জালিয়াতির অভিযোগে সরকারবিরোধী ব্যাপক বিক্ষোভের ধারাবাহিকতায় ২০১৯ সালের ২৩ জানুয়ারি নিজেকে ভেনেজুয়েলার অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট ঘোষণা করেন দেশটির বিরোধী নেতা হুয়ান গুইদো। বিরোধী নিয়ন্ত্রিত জাতীয় পরিষদ প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে দ্বিতীয় মেয়াদে ‘অবৈধ ঘোষণা’র পরই ওই পদক্ষেপ নেন তিনি। গুইদোর দাবি, প্রেসিডেন্ট অবৈধ ঘোষিত হওয়ার পর জাতীয় পরিষদ প্রধান হিসেবে সাময়িকভাবে দায়িত্বগ্রহণের সাংবিধানিক এখতিয়ার তার আছে। কয়েক মিনিটের মাথায় তাকে ‘স্বীকৃতি’ দেয় যুক্তরাষ্ট্র। এখন পর্যন্ত অন্তত ২০টি দেশ যুক্তরাষ্ট্রকে অনুসরণ করেছে। এরই ধারাবাহিকতায় এবার গুইদোকে অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট হিসেবে স্বীকৃতি দিয়ে প্রস্তাব পাস করলো ইউরোপীয় পার্লামেন্ট।
বৃহস্পতিবার (৩১ জানুয়ারি) ৪৩৯-১০৪ ভোটে প্রস্তাবটি পাস হয়। ৮৮ জন ভোটদানে বিরত থাকে। ওই প্রস্তাবে ভেনেজুয়েলার জাতীয় পরিষদের প্রতি পূর্ণ সমর্থন ব্যক্ত করা হয়েছে। বলা হয়েছে, জাতীয় পরিষদ হলো ভেনেজুয়েলার একমাত্র বৈধ গণতান্ত্রিক কর্তৃপক্ষ যাদের ক্ষমতাকে পুনঃপ্রতিষ্ঠা ও সম্মান করতে হবে। সদস্যদের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে হবে। প্রস্তাবে আরও বলা হয়, গুইদোকে লাতিন আমেরিকান দেশটির অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট হিসেবে স্বীকৃতি দিয়ে ‘অনেকগুলো গণতান্ত্রিক দেশের’ নেওয়া সিদ্ধান্তকে স্বাগত জানাচ্ছে ইউরোপীয় পার্লামেন্ট।
এদিকে মাদুরো অভিযোগ করে আসছেন, বিরোধীরা অভ্যুত্থানের ষড়যন্ত্র করছে। তার দাবি, তাকে উৎখাতের জন্য অর্থনৈতিক যুদ্ধে মেতেছে যুক্তরাষ্ট্র। বুধবার এক ভিডিও বার্তায় মাদুরো ভেনেজুয়েলার বিরুদ্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরিকল্পনাকে সমর্থন না দিতে আমেরিকানদের প্রতি আহ্বান জানিয়েছেন। এর একদিন আগে রুশ বার্তা সংস্থা আরআইএ নোভোস্তিকে দেওয়া সাক্ষাৎকারে মাদুরো জানান, ‘ভেনেজুয়েলার শান্তি ও ভবিষ্যতের কথা বিবেচনা করে’ তিনি গুইদোর সঙ্গে আলোচনায় বসতে রাজি আছেন।








