যুক্তরাষ্ট্রের আলাবামা অঙ্গরাজ্যে এ মাসের গোড়ার দিকে টর্নেডোতে নিহতদের মধ্যে সাতজনই একই পরিবারের সদস্য বলে জানা গেছে। দুর্যোগের শিকার পরিবারটির সর্বকনিষ্ঠ সদস্যের বয়স মাত্র ছয় বছর। আর সবচেয়ে বয়োজ্যেষ্ঠ সদস্যের বয়স ৮৯ বছর। স্থানীয় লি কাউন্টির করোনার বিল হ্যারিস এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন।
যুক্তরাষ্ট্রের ইতিহাসে গত বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ ওই টর্নেডোতে ২৩ ব্যক্তির মৃত্যু হয়। টর্নেডো’র তাণ্ডবে নিহত একই পরিবারের সদস্যদের মধ্যে চারজনই শিশু। তাদের বয়স যথাক্রমে ৬, ৮, ৯ ও ১০। ছয় বছরের আর্মান্ডো হেরনান্দেজ জুনিয়র দুদিন আগেই ফার্স্ট গ্রেডের মিউজিক্যাল ক্লাসে অংশ নিয়েছিল সে। নিহত ১০ বছরের টেইলর থর্নটন ঘোড়া ভালোবাসতো।
৮৯ বছরের জিমি লি জোনস, স্ত্রী ম্যারি লুইস এবং তাদের এক সন্তান টর্নেডোর তাণ্ডবে মৃত্যুবরণ করেছেন। নিহতদের জন্য সবার প্রার্থনা কামনা করেছেন বিল হ্যারিস।
উদ্ধারকর্মীরা জানিয়েছে, একই পরিবারের যে সাত সদস্যের মৃত্যু হয়েছে তাদের প্রত্যেককেই ওই বাড়ির কাছাকাছি স্থানেই পাওয়া গেছে।
আলাবামা অঙ্গরাজ্যের লি কাউন্টিতে ৩ মার্চ বিকাল থেকে শুরু হওয়া ওই টর্নেডোতে প্রাণহানি ছাড়াও আহত হয়েছেন আরও অনেকে। গুরুতর আহত অনেককে হাসপাতালে নেওয়া হয়েছে। বহু বাড়িঘর তছনছ হয়ে গেছে। বিভিন্ন স্থানে গাছপালা ও বৈদ্যুতিক খুঁটি উপড়ে পড়েছে। ফলে অনেক এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে।
সিএনএনের খবরে বলা হয়েছে, আলাবামা ও জর্জিয়া অঙ্গরাজ্যের ওপর দিয়ে ছোট-বড় অন্তত এক ডজন টর্নেডো বয়ে গেছে। তবে এর তাণ্ডব সবচেয়ে বেশি ছিল আলাবামার লি কাউন্টিতে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যায় উদ্ধারকর্মীরা। সূত্র: সিএনএন, বিবিসি।








