পার্লামেন্টে অচলাবস্থা নিরসন করে ব্রেক্সিট বাস্তবায়ন করতে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ)কাছে সময়সীমা বাড়ানোর অনুরোধ করবেন যুক্তরাজ্যে প্রধানমন্ত্রী থেরেসা মে। তবে ইউরোপীয় ইউনিয়নের নির্বাচনে অংশ নেওয়া এড়াতে আগামী ২২ মে-এর আগেই ব্রেক্সিট বাস্তবায়নের আগ্রহের কথা জানিয়েছেন তিনি। মঙ্গলবার সাতঘণ্টা ব্যাপী মন্ত্রিসভার বৈঠকের পর ব্রিটিশ প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক বিবৃতিতে থেরেসা বলেন, ইইউ-এর সঙ্গে ভবিষ্যত সম্পর্কের পরিকল্পনা নিয়ে রাজি করাতে বিরোধী দলীয় জেরেমি করবিনের সঙ্গে আলোচনা করার কথাও বলেছেন তিনি।
২০১৬ সালের ব্রেক্সিট গণভোটের রায় অনুযায়ী,২০১৯ সালের ২৯ মার্চ রাত ১১টায় ইউরোপীয় ইউনিয়নের সদস্যপদ ত্যাগের কথা ছিল যুক্তরাজ্যের। ব্রেক্সিট পরবর্তীকালে ইইউয়ের সঙ্গে যুক্তরাজ্যের সম্পর্কের শর্ত নির্দিষ্ট করে তৈরি হয় ব্রেক্সিট চুক্তি। কিন্তু যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী থেরেসা মে তিন দফায় তা হাউস অব কমন্সে পাস করাতে ব্যর্থ হন। তৃতীয় দফায় চুক্তিটি পার্লামেন্টে তোলার আগে ইইউ নেতাদের সঙ্গে আলোচনার মাধ্যমে ব্রেক্সিট বাস্তবায়নের তারিখ পরিবর্তন করাতে সমর্থ হন থেরেসা মে। সম্পতি ব্রাসেলসে অনুষ্ঠিত এক সম্মেলনে যুক্তরাজ্য ও ইউরোপীয় ইউনিয়নের নেতারা ব্রেক্সিটের দিনক্ষণ পরিবর্তনে যে সমঝোতায় উপনিত হয়েছিলেন তাতে চুক্তি পাস হলে আগামী ২২ মে আর চুক্তি পাস না হলে আগামী ১২ এপ্রিল ব্রেক্সিট কার্যকরের কথা বলা হয়েছে।
মঙ্গলবার ব্রিটিশ প্রধানমন্ত্রী বলেছেন, বিরোধী দলীয় নেতা জেরেমি করবিনের সঙ্গে নতুন একটি পরিকল্পনা নিয়ে সম্মত হতে চান তিনি। আর আগামী ১০ এপ্রিলের আগেই তিনি ওই পরিকল্পনা নিয়ে পার্লামেন্টে ভোটাভুটি করতে চান। আগামী ১০ এপ্রিল ব্রেক্সিট নিয়ে জরুরি সম্মেলনে বসছে ইইউ। করবিনের সঙ্গে নতুন কোনও পরিকল্পনায় সমঝোতায় ব্যর্থ হলে আইনপ্রণেতাদের সামনে আরও কয়েকটি বিকল্প রাখবেন তিনি। থেরেসা আশা করছেন এর কোনও একটিতে সম্মত হবে পার্লামেন্ট।








