যুক্তরাজ্যের পূর্ব লন্ডন থেকে রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে গেছে ব্রিটিশ-বাংলাদেশি এক মাদ্রাসাছাত্র। রাহাত হোসাইন (১৪) নামের ওই ছাত্র শ্যাডওয়েলের দারুল উম্মাহ মাদ্রাসার শিক্ষার্থী।
রাহাতের বাবা মুল্লুক মিয়া শনিবার লন্ডন সময় বেলা ২.৩০টার দিকে বাংলা ট্রিবিউনকে জানান, শুক্রবার বিকালে মাদ্রাসা থেকে বেরুনোর পর রাহাতকে শেষ দেখা যায় শ্যাডওয়েল বাস স্টেশনে। এরপর থেকেই সে রহস্যজনকভাবে নিখোঁজ রয়েছে। ইতোমধ্যেই বিষয়টি পুলিশকে জানানো হয়েছে। স্বজনরাও তাকে খুঁজছেন।
মুল্লুক মিয়ার দুই পুত্রের মধ্যে রাহাত বড়। তার গ্রামের বাড়ি সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায়। লন্ডন মেট্রোপলিটন পুলিশ রাহাতের খোঁজে তৎপর রয়েছে বলে জানিয়েছে পুলিশের একজন মুখপাত্র।








