যুক্তরাষ্ট্র ইরানে হামলা চালালে আধঘণ্টার মধ্যে মার্কিন মিত্র ইসরায়েলকে ধ্বংস করে দেওয়ার হুঁশিয়ারি উচ্চারণ করেছে তেহরান। সোমবার ইরানি পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্র নীতি বিষয়ক কমিশনের প্রধান মোজতবা জলনৌর এমন হুঁশিয়ারি দেন। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে তুরস্কভিত্তিক সংবাদমাধ্যম ইয়েনি সাফাক।
মোজতবা জলনৌর বলেন, ‘যুক্তরাষ্ট্র যদি আমাদের ওপর হামলা চালায় তাহলে ইসরায়েলের আয়ু হবে মাত্র আধঘণ্টা।’ এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ জানিয়েছেন, তার দেশ সমৃদ্ধ ইউরেনিয়াম মজুতের সীমা বাড়িয়েছে। ২০১৫ সালে সই হওয়া পরমাণু সমঝোতা অনুযায়ী ইরান ৩০০ কেজি পর্যন্ত সমৃদ্ধ ইউরেনিয়াম মজুত করতে পারতো। তবে ওই সমঝোতার ২৬ ও ৩৬ নম্বর ধারায় বলা হয়েছে, অপর পক্ষ এ সমঝোতা বাস্তবায়নে ব্যর্থ হলে তেহরান এর কোনও কোনও ধারার বাস্তবায়ন স্থগিত রাখতে পারবে। সে অনুযায়ী ইরান এ পদক্ষেপ নিলো।
সোমবার নাতাঞ্জ শহরে এক অনুষ্ঠানের অবকাশে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সমৃদ্ধ ইউরেনিয়াম মজুতের সীমা বাড়ানোর কথা জানান ইরানের পররাষ্ট্রমন্ত্রী। ইসনা বার্তা সংস্থার এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “আমার জানা মতে ইরান সমৃদ্ধ ইউরেনিয়াম মজুতের ৩০০ কেজির সীমা ছাড়িয়ে গেছে। আগেই এ পরিকল্পনার কথা ঘোষণা করেছিলাম। আমরা যে ঘোষণা দিয়েছি তা খুবই পরিষ্কার এবং আমরা মনে করি পরমাণু সমঝোতা অনুসারে এটি আমাদের অধিকার।”
গত ১৭ জুন ইরানের আণবিক শক্তি সংস্থার মুখপাত্র বেহরুজ কামালভান্দি জানান, ২৭ জুন থেকে তার দেশ পরমাণু সমঝোতা অনুযায়ী সমৃদ্ধ ইউরেনিয়াম মুজতের সীমা মানবে না। রয়টার্স জানিয়েছে, ইরানের সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত সীমা অতিক্রম করার বিষয়টি যাচাই করছে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা (আইএইএ)।








