ব্যক্তিগত দ্বন্দ্বের জেরে সৌদি আরবের বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল সৌদের ব্যক্তিগত দেহরক্ষীকে গুলি করে হত্যা করা হয়েছে। দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম দাবি করেছে, শনিবার রাতে বন্দর নগরী জেদ্দার এক বাড়িতে মেজর জেনারেল আবদুল আজিজ আল ফাগম তার বন্ধুর গুলিতে নিহত হন।
সৌদি আরবের বন্দর নগরী জেদ্দার আল শাতী এলাকায় এক বন্ধুর বাড়িতে ফাগমকে গুলি করা হয়। গ্রীষ্মকালে বাদশা সালমান জেদ্দার যে প্রাসাদে অধিকাংশ সময় থাকেন, এই বাড়িটি তার থেকে কয়েক কিলোমিটার দূরে।
রাষ্ট্রীয় বার্তা সংস্থা এসপিএ-তে প্রকাশিত এক বিবৃতিতে পুলিশ দাবি করেছে, ফাগমের সঙ্গে মামদৌহ বিন মেশাল আল আলীর (সংবাদে বন্ধু বলে বর্ণনা করা হয়েছে) কথা কাটাকাটির এক পর্যায়ে আলী বাইরে থেকে একটি আগ্নেয়াস্ত্র নিয়ে এসে তাকে গুলি করেন। ঘটনাস্থলে পুলিশ গুলিবর্ষণকারীকে ঘেরাও করে ফেলার পরও সে আত্মসমর্পণ করতে অস্বীকৃতি জানায়। পরে পুলিশের গুলিতে সে নিহত হয়। সে সময় গুলিতে আরেক সৌদি ও এক ফিলিপিনো নাগরিকসহ নিরাপত্তা বাহিনীর পাঁচ সদস্য আহত হয়েছেন।
স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, গুরুতর আহত ফাগামকে হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়। তিনি সৌদি আরবের মৃত সাবেক বাদশা আবদুল্লাহ বিন আবদুল আজিজেরও দেহরক্ষী ছিলেন।
ফাগামের মৃত্যুতে সৌদি স্বাস্থ্যমন্ত্রী তৌফিক আল রাবিয়া দুঃখপ্রকাশ করেছেন।








