সৌদি আরবের পশ্চিমাঞ্চলীয় শহর জেদ্দার একটি রেল স্টেশনে আগুন লেগেছে। দেশটির সংবাদমাধ্যম আল আরাবিয়াকে এ তথ্য নিশ্চিত করেছে বেসামরিক প্রতিরক্ষা বিভাগ। রবিবার স্থানীয় সময় দুপুর ১২টা ৩৫ মিনিটের দিকে ওই আগুনের সূত্রপাত হয়। আগুনের কারণ এখনও জানা যায়নি। এতে ৫ জনের আহত হওয়ার খবর পাওয়া গেছে।
আল আরাবিয়ার খবরে বলা হয়, হারামাইন রেল স্টেশনে আকস্মিক এই আগুনের সূচনা হয়। সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা গেছে, ঘটনাস্থলের আশেপাশে ধোঁয়া ছড়িয়ে পড়ছে ও পাশে হেলিকপ্টার উড়ছে। দেশটির বেসামরিক প্রতিরক্ষা মহাপরিচালকের দফতর জানায়, তারা দ্রুত আগুন নেভানোর কাজ করে যাচ্ছে।
গত বছরের সেপ্টেম্বরে রেললাইনটির উদ্বোধন করেন সৌদি বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ। সাড়ে চারশ' কিলোমিটার দীর্ঘ এই রেল লাইনটি মক্কা ও মদিনার মধ্যে সংযোগ স্থাপন করেছে। হারামাইন রেল স্টেশন নির্মাণে ব্যয় হয়েছে ৭৩০ কোটি ডলার।
উল্লেখ্য, সৌদি তার তেল নির্ভরতা কমিয়ে এনে পর্যটন খাতকে চাঙা করার যে পরিকল্পনা হাতে নিয়েছে, এই রেলস্টেশন সেটিরই অংশ।








