যুদ্ধবিধ্বস্ত ইয়েমেন সীমান্তের কাছে সৌদি আরবের দুই সেনা সদস্য নিহত হয়েছেন। তবে এ দুই সেনা সদস্য কীভাবে, কোন পরিস্থিতিতে ও কখন মারা গেছেন সে বিষয়ে বিস্তারিত জানায়নি দেশটির রাষ্ট্রীয় বার্তাসংস্থা সৌদি প্রেস এজেন্সি (এসপিএ)।
এসপিএ’কে উদ্ধৃত করে মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম মিডল ইস্ট মনিটরের এক প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি আরবের দক্ষিণের জিজান অঞ্চলে দুই সেনা নিহত হয়েছেন।
উল্লেখ্য, ২০১৪ সালে রাজধানী সানা দখলের পর সৌদি সমর্থিত ইয়েমেনের প্রেসিডেন্ট আবদু রাব্বু মনসুর আল হাদিকে ক্ষমতা থেকে বিতাড়িত করে ইরান সমর্থিত হুথি বিদ্রোহীরা। দেশের বাইরে থাকা হাদিকে দেশে ফেরাতে ২০১৫ সালের জুনে ইয়েমেনে সামরিক আগ্রাসন শুরু করে সৌদি আরবের নেতৃত্বাধীন সামরিক জোট। সেই থেকে দুই পক্ষের মধ্যে যুদ্ধ অব্যাহত রয়েছে। হুথি বিদ্রোহীরা প্রায়ই সৌদি আরব লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়। এতে হতাহতের ঘটনাও ঘটে।








