গত বছরের তুলনায় শিক্ষা ও পর্যটনের উদ্দেশ্যে যুক্তরাজ্যে গমনকারী বাংলাদেশির সংখ্যা বেড়েছে। বৃহস্পতিবার (২৮ নভেম্বর) দেশটির অফিস অব ন্যাশনাল স্ট্যাটিস্টিকসের (ওএনএস) প্রকাশিত সর্বশেষ পরিসংখ্যানে এমন তথ্য উঠে এসেছে।
প্রকাশিত পরিসংখ্যানে দেখা গেছে, শিক্ষার্থীদের ভিসা সফলভাবে গৃহীত হওয়ার ক্ষেত্রে বাংলাদেশ ২০টি দেশের মধ্যে শীর্ষে রয়েছে। ২০১৯ সালের সেপ্টেম্বরের শেষ নাগাদ ১ হাজার ৯৮৭টি শিক্ষা ভিসার আবেদন মঞ্জুর করা হয়েছে।
পারিবারিক ভিসা পাওয়ার ক্ষেত্রে বাংলাদেশের অবস্থান ৬ষ্ঠ। গত বছর ২ হাজার ৫৯১ বাংলাদেশির ভিসা গ্রহণ করা হয়েছে।
পর্যটক সংখ্যার বিচারে চীন ও ভারতকে ছাড়িয়ে ১৫তম অবস্থানে রয়েছে বাংলাদেশ। গত বছরে ১৭ হাজার ৮২৮ বাংলাদেশি পর্যটকের ভিসা গ্রহণ করেছে যুক্তরাজ্য।
ওএনএসের ত্রৈমাসিক প্রতিবেদন অনুযায়ী, ব্রিটিশ মুদ্রা পাউন্ড স্টার্লিংয়ের মূল্যহ্রাস ও ব্রেক্সিট নিয়ে চলমান অনিশ্চয়তার কারণে ইউরোপীয় ইউনিয়ন থেকে আসা মোট অভিবাসীর সংখ্যা হ্রাস পেয়েছে। তবে সার্বিকভাবে অভিবাসন স্থিতিশীল রয়েছে।
ওএনএসের একজন মুখপাত্র বলেছেন, ‘সব তথ্য পর্যালোচনা করে আমাদের মূল্যায়ন হচ্ছে ২০১৬ সালের পর থেকে দীর্ঘমেয়াদী অভিবাসন, দেশত্যাগ ও স্থানান্তরের সামগ্রিক বিষয়ে সার্বিক পরিবেশ স্থিতিশীল রয়েছে। তবে আমরা ইইউ ও ইইউর নাগরিক নয় এমন ব্যক্তিদের ক্ষেত্রে এর ভিন্নতা পেয়েছি।’








