বিশ্বের সবগুলো দেশ নারী নেতৃত্বে পরিচালিত হলে মানুষের জীবনযাত্রার মান আরও উন্নত হতো বলে মনে করেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। সিঙ্গাপুরে নেতৃত্ব সংক্রান্ত এক বেসরকারি অনুষ্ঠানে সোমবার তিনি বলেন, নারীরা নির্ভুল নয় কিন্তু পুরুষদের চেয়ে ‘নিঃসন্দেহে ভালো’। এছাড়া ওই অনুষ্ঠানে রাজনৈতিক মেরুকরণ ও সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে মিথ্যা ছড়ানো নিয়েও কথা বলেন তিনি।
২০০৯ সালে প্রথম কৃষ্ণাঙ্গ হিসেবে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হন বারাক ওবামা। দুই মেয়াদে দায়িত্ব পালন শেষে ২০১৭ সালে হোয়াইট হাউস ছাড়েন একসময়ের রাষ্ট্রবিজ্ঞান ও আন্তর্জাতিক সম্পর্ক অধ্যয়নের এই মেধাবী শিক্ষার্থী। পরে স্ত্রী মিশেল ওবামাকে সঙ্গে নিয়ে গড়ে তোলেন ওবামা ফাউন্ডেশন। এই ফাউন্ডেশনের মাধ্যমে সারা বিশ্বের তরুণ নেতাদের পরামর্শ দিয়ে যাচ্ছেন তিনি।
সিঙ্গাপুরে বারাক ওবামা বলেন, নিজে ক্ষমতায় থাকার সময়ে ভাবতাম নারী নেতৃত্বে পরিচালিত একটি বিশ্ব কেমন হবে। তিনি বলেন, এখন আমি আপনাদের (নারীদের) বলতে চাই, আপনারা নির্ভুল নন, কিন্তু বলতে পারি আমাদের (পুরুষদের) চেয়ে নিঃসন্দেহে আপনারা ভালো। আত্মবিশ্বাসের সঙ্গে বলতে চাই, বিশ্বের সবগুলো দেশ নারীদের নেতৃত্বে পরিচালিত হলে দুই বছরের মধ্যে জীবনযাত্রার মানসহ প্রতিটি ক্ষেত্রেই তাৎপর্যপূর্ণ অগ্রগতি দেখা যাবে।
রাজনৈতিক নেতৃত্বে আবারও ফিরে যাওয়ার কথা বিবেচনা করছেন কিনা জানতে চাইলে তিনি বলেন, সময় আসলে নেতৃত্ব থেকে সরে যাওয়ায় বিশ্বাস রাখেন তিনি। তিনি বলেন, বিশ্বের দিকে এবং এর সমস্যার দিকে তাকালে দেখা যাবে সাধারণত বৃদ্ধরা, বিশেষ করে বৃদ্ধ পুরুষেরা রাস্তা না ছাড়ায় এসব তৈরি হয়েছে।








