সিরিয়ার উত্তরাঞ্চলীয় ইদলিব প্রদেশে নতুন করে অভিযান শুরু করেছে দেশটির প্রেসিডেন্ট বাশার আল আসাদের অনুগত বাহিনী। রাশিয়ার সহায়তায় ইতোমধ্যেই শহরটিতে অগ্রসর হয়েছে আসাদ বাহিনী। এই যুদ্ধ-সংঘাতের ভয়াবহতায় ইতোমধ্যেই নিজ বাড়িঘর ছেড়ে পালিয়েছেন ওই এলাকার ১০ হাজারেরও বেশি মানুষ। সোমবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।
প্রতিবেদনে বলা হয়, ইদলিবে যুদ্ধের ভয়াবহতায় তুর্কি সীমান্তের দিকে অগ্রসর হচ্ছে স্থানীয়রা।
তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ান বলেছেন, ইদলিবের বিদ্যমান পরিস্থিতিতে সেখানকার ৫০ হাজার মানুষ তুরস্কে প্রবেশের অপেক্ষায় রয়েছে। কিন্তু নতুন করে আরও শরণার্থী গ্রহণের ক্ষমতা আর আঙ্কারার নেই।
ইদলিবের স্থানীয় অ্যাক্টিভিস্ট সুলাইমান আবদুলকাদের আল জাজিরাকে বলেন, বিমান হামলা চালিয়ে ও ব্যারেল বোমা নিক্ষেপ করে নির্বিচারে বেসামরিক কাঠামোগুলোকে লক্ষ্যবস্তুতে পরিণত করা হয়েছে। বেসামরিক নাগরিক ও বিদ্রোহী সবাইকে শহরছাড়া করার উদ্দেশ্যেই এ হামলা চালানো হয়েছে।








